বলতে পারো ?

সমুদ্র,
তোমার উপর দিয়ে উড়ে যাওয়া পরিযায়ী পাখীরা
উষ্ণতার সন্ধানে শীতে দূর দেশে উড়ে উড়ে যায়
তোমার তলদেশে ঘুরে বেড়ানো তিমি’রা-ও
শীতের শুরুতে উত্তর থেকে দক্ষিনে ফিরে ফিরে যায়।
বলতে পারো, আমি কেন তোমায় পাড়ি দিয়ে
শ্যামল-সবুজ দেশ ছেড়ে সাদা-বরফে আবাস গড়েছি ?

সমুদ্র,
শ্রাবণের সেই বর্ষণমুখর দিনের শেষে
প্রবল স্রোতের তোড়ে যেদিন জলের মতন এলেম ভেসে
উত্তরের বাতাস জানে, হৃদয়ের সব আবেগ দিয়ে
গড়েছিলেম সেদিন আরেক সমুদ্র দু’নয়নে ।
বলতে পারো, আমি কেন ঐ দেশটাকে অনুভব করি
শরীর জুড়ে বয়ে যাওয়া রক্তের ভেতর দিয়ে ?

সমুদ্র,
আরেকবার যদি জন্মলাভের সুযোগ হয়
নিখুঁত সুন্দর জন্মজন্মান্তরের চেনা ভুমি ছেড়ে
আমি কিন্তু কোথাও যাবো না, বলে রাখলাম
সাক্ষী তুমি ।

মোট পড়েছেনঃ ৭৫২জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. দেশের কাদা মাটিতে গড়া মানুষটি দেশ থেকে দুরে গিয়ে হাস ফাস করছে।
    চলে আসুন আপনি দেশে।

    কস্ট, অতৃপ্তি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
    ভালো থাকুন প্রবাসে।

মন্তব্য করুন