সোনেলা আমাদের প্রাণের উঠান !!

সোনেলার মডুরা পারেও বটে !! এত সুন্দর একটি বাগানবাড়ি করেছেন যে মনটাই জুড়িয়ে যায়। যে বাগানবাড়ির প্রবেশদ্বার সবার জন্য খোলা– বাড়ির হাজার দুয়ার দিয়ে  যে কেউ ইচ্ছে করলে প্রবেশ করে মনের কথাগুলো বলে যে কোন দরজা দিয়ে বের হয়ে যেতে পারে—সুন্দর আর শ্যামলীতে ভরিয়ে রেখেছে এখানকার মালিরা, যারা বিভিন্ন ধরণের উদ্ভিদ হতে ফুল আর ফল উৎপাদনে ব্যস্ত—। এখানকার উঠান হতে অবারিত আকাশ দেখা যায়–বাতাস খেলা করে প্রাণ খুলে–কখনো কখানো দুরন্ত বাতাস লেখিকার খোলা চুল উড়িয়ে দৌড় দেয়–লেখিকা বাতাসের পেছনে দৌড়াতে দৌড়াতে রচনা করে ফেলে কবিতা আবার কখনো গল্প–লেখকরাও কম যায় না- সবুজে শ্যামলের মাঝে কত ধরণের লেখাই না তারা লিখে — পারেও বটে—

সুন্দর এই মাটির উঠানে শীতল পাটির আসনে বসে লেখকরা আড্ডা জমায়–মডুরা হাসে আর হাসে–। বলি ও মডু ! শুধু হাসলেতো আর হবে না – একটু চা পানির ব্যবস্থা করলে মন্দ হয় না— মডুরা হতাস করে না –তারা কলাপাতায় মুড়ি, দই, খই, বাতাসা, খেজুরের গুড়ের পায়েস, পিঠা পাঠিয়ে দেয়-সাথে চা ফ্রি—!! আড্ডা আর খাওয়া দাওয়ার মাঝে রচনা হয়ে যায় কত মনের কথার গল্পমালা !! জারি সারি ভাটিয়ালী, ভাওয়াইয়া, দেশের গান, আধুনিক, নজরুল আর রবীন্দ্র সংগীতের আসর বসে !!  কত আনন্দের ঢেউ বয়ে যায়—-। এই আসরে সবাই সবার কথাই ভাবে —কত চিন্তা ! আমাদের কত ব্লগার দেশ বিদেশে আছে, তারা কেমন আছে, লেখা কেন পাঠালো না নীল/সবুজ খামে ! তাদের শরীর ভাল আছে তো !! হুমম  সেই সময়েই হাজির হয় জিসান ভাই আর ছাইরাছ হেলাল ভাই !! কত ইতিহাসের গল্প শুনি !! সেই ইংরেজ আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের না জানা ইতিহাস !! শুনতে শুনতে আমরা হারিয়ে যাই সেই দিনগুলোতে !! মন আরো সমৃদ্ধ হয়– মনের ভেতর গুছিয়ে নেই সত্যি গল্পগুলো, তুলে রাখি পরম সযতনে-পরের প্রজন্মকে জানাতে হবে সেইসব দিনগুলোর কথা, যেগুলো তাদের জানা খুবই জরুরী—-

এখানে কেউ কাউকেই ডমিনেট করে না, করে না উপহাস। সবার প্রতি সবার রয়েছে এক ধরণের টান–বিনি সুতোর টান–!! এখানে উৎসাহ দেয়, ভুল পথ হতে আলো জ্বালিয়ে নিয়ে যায় সঠিক পথে– তাইতো কাজের অবসরে, পড়ার ফাঁকে, আড্ডার ছলে সবাই জড়ো হয় এই সুন্দর উঠোনে–যে উঠানটা তৈরি করেছিলেন জিসান ভাই আর হেলাল ভাই—-!! এখানে আমরা প্রাণের না বলা কথাগুলো কই, মনের অভিমানগুলো কবিতার ঢংয়ে লিখে ফেলি, কখনোবা গল্প হয়ে যমুনায় ঢেউ তোলে, দেশ বিদেশের ছবি আর কথায় মন ভরে যায়, আবার কখনোবা বিরাঙ্গনাদের কষ্টে মনের দুয়ারে অহংকার ভর করে—। কত ব্লগার আসছে, প্রতিভার সাক্ষর রাখছে– আমরা শিখছি–প্রতিনিয়ত শিখছি আর শিখছি—সোনেলার মাধ্যমে আমরা এই শিখন তুলে দিতে চাই নতুন প্রজন্মের কাছে—

আস হে নবীন,দোর খোলা আছে সোনেলায়

দুয়ার খুলে বসে আছি কলাপতায় সন্দেশ হাতে

মিষ্টি মুখ করাবো, বসতো আগে বকুল গাছের ছায়ে !

ধুলো ঝেরে লেপে দিয়েছি মাটিতে, যত্নতো কিছু রাখিনি বাকি

পাখির গানে, সবুজের টানে, ঝর্ণায় বসে লিখে ফেল দুটি লাইন

হোক না ছোট কিংবা বড়, ক্ষতিতো কিছুই নয়–

তোমরা আস, বসে যাও ঘাসের ডগায় হাতে তুলে একটু শিশির

টুনটুনির গানে, গাদা ফুলের ডালে রচনা করে যাও ভালবাসা —————

 

উৎসর্গ: জিসান ভাই আর ছাইরাছ হেলাল ভাইকে —–
২১ জানুয়ারী,২০১৫

মোট পড়েছেনঃ ৯৪৫জন আজ পড়েছেনঃ ০জন

৮০টি মন্তব্য

  1. আপনার লেখাটিকে শুধু লেখা বলা ভুল হবে
    এটি গান, আনন্দের,সুখের সন্তুষ্টির
    এটি কবিতাও- সুন্দরের কবিতা।
    সোনেলাকে নিয়ে আপনার এত পরিচ্ছন্ন ভাবনা,উচ্ছ্বাস,আনন্দ দেখে সত্যি ভালো লাগলো।

    সব কিছু আছে এখানে শুধু একটি বিষয় নেই
    মারা মারি,ঘুষা ঘুষি,মুষ্টিযুদ্ধ
    মডুদের কাছে অনুরোধ জানাবো নাকি এসব আনার জন্য? 🙂

    উৎসর্গ দেখে লজ্জা পাইছি
    আপনারা এই বাড়ির মালিক
    আমরা কামলা,নির্মাণ শ্রমিক, বড় জোর রাজমিস্ত্রী।

    সোনেলা এগিয়ে যাক আপনাদের ভালোবাসার স্পর্শ নিয়ে
    শুভ কামনা -{@

    1. ভাই, আপনার মন্তব্য দেখলেই উৎসাহ দ্বিগুন বেড়ে যায়
      নির্মান শ্রমিক আমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছে প্রতিনিয়ত
      আমরা পাচ্ছি অনুপ্রেরণা — আর তাইতো মনের কথাগুলো লিখে দেই ইচ্ছামত
      বাংলাদেশে এমন সৈনিক, এমন নির্মান শ্রমিকের আরো জন্ম নিক
      আমাদের জিসান ভাই ভাল থাকুক, নিরাপদে থাকুক, সুস্থ থাকুক
      শুভকামনা নিরন্তর

  2. কি সুন্দর করেই না ভালবাসা প্রকাশ করলেন আহা!
    সত্যি ই অনেক ধন্যবাদ এত সুন্দর এক জায়গা তৈরি করে দেবার জন্য।
    আর আমায় সুযোগ দেবার জন্য ধন্যবাদ দিবনা আমি আরও ভাল অনেক ভাল লেখা উপহার দিতে চাই।

    আর এখানে সবার মন এত সুন্দর সবাই এত গুণী এ পরিবেশে আসলেই ভাল লাগে শুধু পড়তেই ইচ্ছে হয়।

    মডু দের জন্য অনেক ভালবাসা (3

    1. হুমম মডুদের জন্য রাশি রাশি ভালবাসা——এমন মডুইতো চাই যে মডুরা এত সুন্দর একটি সৃজনশীল পরিবেশ তৈরি করে দেয়—-ভাল থাকুন সব সময়

        1. কষ্ট করে কি !! এ তো আমার ভাল লাগা 🙂
          আপনাদের মন্তব্য ও আমার কাছে সাহিত্য মনে হয় (3
          ভালবেসে ফেলেছি আপনাদের 🙂

  3. আপুরে ! অনেক ভালবাসা আপনার জন্য
    হুমমম — আরো লেখা চাই, আরো লেখা
    সোনেলা আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিয়েছে– কৃতজ্ঞতাটা সোনেলার মডুদের প্রাপ্য
    শুভকামনা রইল

  4. প্রায় পাচ বছরের ব্লগ জীবন, আমি সত্যি এমন ব্লগ কোথাও পাইনি, এক রকম পরিবার এই সোনেলা বলা ঠিক হবেনা, বলতে হয় আমরা সোনেলা পরিবার। আর অন্য ব্লগ সম্পর্কে বললে অমুক ব্লগে আমার নিক আছে ব্যাস এইটুকুই। ধন্যবাদ সোনেলা কে
    ধন্যবাদ জিসান ভাইয়া ধন্যবাদ হেলাল ভাইয়া কে
    খুব সুন্দর একটা প্লাটফর্ম করে দিয়েছেন আমাদের।
    পরিশেষে সকলের মনের কথা এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

    1. ঠিক বলেছেন ৥হৃদয়ের স্পন্দন—। এত সুন্দর একটি প্লাটফরম তৈরি করে দিয়েছেন বলেই আমরা আমাদের মনের কথাগুলো সোনেলায় লিখতে পারি—উৎসাহিত হই লেখার–কাজের ভিড়ে যখন সময় পাই না তখনও মন কেমন যেন করে–মনে হয় ইস !! কত দিন সোনেলাকে দেখি না–
      সোনেলা ভাল থাক— ভাল থাক আমাদের ব্লগারগণ
      আপনার জন্য শুভকামনা নিরন্তর

  5. সোনেলার প্রতি আপনার উদার উজ্জ্বল উচ্ছাস দেখে অনেক ভাল লাগল।তবে আপনি কথা দিয়েও
    আমাদের সময় দেয়া থেকে বঞ্চিত করেছেন.করছেন।আমিতো আপনার লেখার অপেক্ষায় থাকি।
    আমরা অনেক শিখি সবার কাছ থেকেই আনন্দে আনন্দে।
    অবশ্যই যথাযথ উৎসর্গ, আমরাও অনেক কৃতজ্ঞ তাঁদের কাছে।

    1. আপুরে !! যে চাকুরী করি তাতে বেশির ভাগ সময় ট্যুরে থাকতে হয়, বিভিন্ন মিটিং, ট্রেনিং থাকে আর থাকে বিরক্তিকর রিপোর্টিং—মাঝে মাঝে অহেতুক ভিজিটরদের নিয়ে বিভিন্ন ফিল্ড ভিজিট করাতে হয়—- একারনেই নিয়মিত হতে পারি না—। কিন্তু জানেন আপু, আমি মন দিয়ে থাকি সোনেলায়—আমিও কিন্তু আপনার একজন ভক্ত—আপনার লেখায় প্রাণ আছে—- শুভকামনা রইল আপু

  6. আপু আমার মনের কথাটি আপনি খুবই সুন্দর করে লিখে ফেললেন।অসাধারন হয়েছে।আমার লেখা লেখি ও এই সোনেলায়,যদিও তা মান বিচারে কোন লেখার মধ্যে পরে না।তারপরেও সবাই আমাকে যেভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন তা অকল্পনীয়। নতুন লেখক সৃষ্টিতে সোনেলার তুলনা নেই।

    1. হুমম সোনেলার ব্লগারগণ খুবই উদারমনা—– এখানে আক্রমনাত্মক মানসিকতা নেই–বরং উৎসাহ দেয়–এক সময় লিখতে লিখতে সেই ব্লগার ভাল একজন ব্লগার হয়ে উঠে——-
      আপনি ভাল লিখেন আপু !! আপনার জন্য শুভকামনা রইল

  7. এখানে আছি কেবল ২ দিন। আমি সুস্থ্য মন নিয়ে সমালোচনা পছন্দ করবো। অখাদ্য লেখা হইলে বলবো অখাদ্য হইছে, কেন হইছে সেটাও বলবো। সাথে পারলে ওই লেখাটার পরিবর্ধন করবো সস্মর্থ্যে থাকলে। ভালো না হইলেও অসাধারন বলে মন্তব্য করা ঠিক মনে হয়না। এতে অতিরিক্ত সেলফ স্যাটিস্ফেকশন চলে আসতে পারে যা পরের লেখাগুলোতে পারফেকশন আনার জন্য বার বার চেস্টা করাকে কমিয়ে দিতে পারে।

    এখানে দেখতে চাই সুস্থ্য মন। সুশীল নামটা যেন গালি না হয়। ভুল গুলো ক্ষমার দ্রিইস্টিতে দেখা যেতে পারে। দেখিয়ে দেয়া যেতে পারে কেন ভুল। তবে অশ্লীল ভাষার ব্যবহার যেন সহ্য না করা হয়।

    হেলাল ভাই আর ইকরাম ভাইদের ভুমিকা নায়ক সুলভ না হয়ে বাবা সুলভ হোক। কোন বড় ধরনের সমস্যা অথবা পরিবর্তন না চাইলে উনাদের না ডাকাই ভালো হবে যেহেতু ব্লগটা সম্ভবত উনাদের প্রচেশটার ফসল।

    কারিগরী দিক থেকে ২ দিন দেখেই অনেক সমস্যা চোখে পড়েছে কিন্তু সেটা নির্মাতাদ্রর মাথায় আছে বলেই ধারনা। রোম তো একদিনে তৈরী হয়নি। আর সোনেলা এখনো শৈশবই পার করেনি। সময়ের সাথে অবশ্যই পরিনত হবে।

    ভালো থাকবেন। শুভকামনা।

    1. সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আন্তরিক সাধুবাদ জানাচ্ছি—-ব্লগ তো আসলে ওপেন ডায়েরী–এখানে যে কেউ তাদের মনের ভাব লিখে প্রকাশ করতে পারে—। আপনার সাথে একমত যদি কেউ এমন কোন লেখা দেয় তবে তাকে ইতিবাচকভাবে বলে সংশোধন করা যেতে পারে—-আর অশ্লীল ভাষার ব্যবহারকে মোটেও সহ্য করা উচিত নয়-কারণ এতে ব্লগের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে—
      সোনেলার তার শৈশব পেরিয়ে যৌবনের দিকে যাক—– আমরা সোনেলার সাথে আছি
      ভাল থাকবেন

  8. মডুরা আমারে একদিনও চা, খই, বাতাসা খাওয়ায় নাই ;( এই ব্লগ এত্তোগুলা পঁচা। পক্ষপাতিত্ব মানিনা। ভালো, মন্দ যাই হোক, এ আমার সোনেলা। ভালো লিখেছেন আপু, যা আপনি সবসময়ই লেখেন।

    1. হুমম মডুরা একদিনও খাওয়ালো না–হুমম এটা তো মানাই যায় না—। আপু আপনি কিন্তু অসাধারণ লিখেন—আপনার লেখা হতে আমি অনেক বিষয় শিখি—
      আন্তরিক ধন্যবাদ আপু

        1. লীলাবতী আপু !! কান্না কর না তুমি– যাও তোমাকে আমি খাওয়াব– কিন্তু শর্ত হলো সোনেলার উঠানে কিছু লিখা রেখে দিও —
          অনেক আদর রইল

  9. চমৎকার লিখেছেন আপু 🙂 ভালো লাগলো কথাগুলো… আমি কিন্তু পরিবারের এক্কেবারে নতুন সদস্য। তাই বলে মোটেই পর ভাববেন না কিন্তু… :p ভালো থাকুক সোনেলা। অনেক অনেক অনেক শুভকামনা সোনেলার জন্য… (3 -{@

    1. সোনেলা ভাল থাকুক এটা আমাদের সবার চাওয়া— আর আপনি তো আমাদেরই একজন সঙ্গী — সঙ্গী কি পর হতে পারে বলুন !!
      ভাল থাকবেন সব সময়

  10. আপু এত চমৎকার করে বলে গেলেন মনের কথাগুলো।
    সোনেলা শুধু একটা ব্লগ না,এটা আসলেই মনের বাড়ি।
    মনের মন ভাল করতেই রোজ তাই এখানে ঢু মারি।
    😀 😀

  11. এখানেই ব্লগ জীবন শুরু,এখানেই শেষ করতে চাই।একমাত্র সোনেলাতেই লেখি।আমার কোথাও কোন শাখা নেই 🙂
    খুব সুন্দর ভাবে আমাদের সবার মনের কথা লিখলেন আপু।ধন্যবাদ আপনাকে।

        1. অন্য কোথাও যাবোও না আপু।
          শুরুতে আরেকটা ব্লগে অ্যাাকাউন্ট খুলেছিলাম,২টা লেখাও লিখেছিলাম।কিন্তু সোনেলার হদিছ পাওয়ার পর ওখান থেকে পাত-তাড়ি গুটিয়ে এখানেই আমার লেখা-লেখির সংসার গড়লাম।
          আমার মনের একটা আকাশ শুধুই সোনেলার…,এই আঙ্গিনা ছেড়ে যাব না কোথাও…।

        2. হুমম আপু, সোনেলার মত পরিবেশ অন্য কোথাও নেই
          তাই সোনেলার পরিবেশকে আমাদেরকেই রক্ষা করতে হবে
          শুভকামনা আপু

    1. কেনু কেনু !! সোনেলা যে আপনাকে ভালবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলেছে হে কবি !! মনে আপনাকে ভালবাসার শেকল পড়িয়ে দিয়েছে –যেখানেই যাবেন টান কিন্তু শেকলে পড়বেই

  12. স্বপ্ন নীলা আমার খুবই প্রিয় একজন ব্লগার।মাঝ খানে বিরতী দিয়ে আবার সোনেলায় নিয়মিত হয়েছেন সে জন্য আমরা ধন্য।সুন্দর সাবলিল ভাষায় সোনেলা ঐতিহয্য বর্ননা মন ছুয়েঁ গেল।সোনেলা সত্যিই প্রশংসার দাবীদার। -{@

    1. ভাই মনির– তুচ্ছ এই আমাকে মূ্ল্যায়ন করার জন্য আন্তরিক ধন্যবাদ। সময় ও সুযোগ পেলেই ঢু দেই প্রিয় সোনেলায়—শুভকামনা রইল ভাই

  13. প্রশংসা শুনতে ও করতে ভালই লাগে।সত্যি বলছি, একটুও বাড়িয়ে বলছি না, নির্ভেজাল উচ্ছসিত প্রশংসা,আর তা যদি আপনি করেন তাহলে আরও কয়েককাঠি সরস ই হয়। ব্যাপক পরিসরের বিরাট অবস্থানে থেকেও শত হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিচ্ছেন এটিও ক কথা নয়।আজকের এই সামান্য সোনেলা আর একজন বা দু’জনের নয়,এটি অনেকের অনেকের,তা তাঁরা নিজেদের আন্তরিক আন্তরিকতায় প্রমাণ করেছেন ইতিমধ্যেই।

    ঘটনা হইল, আমরা কিন্তু তেমন কোন লেখক-ফেকক নই। তা এতদিনে আপনাদের হাড়ে হাড়ে টের পেয়ে যাওয়ার কথা।তবে সবার লেখা পড়তে পারার যে সুযোগ আপনারা দিয়েছেন তাতে বস্তা বস্তা কৃতজ্ঞতা জানাচ্ছি।

    একটু সময় নিয়ে আমাদের দিকে(সরি সোনেলা)গোল চোখে তাকান তাহলে সোনেলা আরও বেশি করেই আপনাদের হবে।ধন্যবাদ।

    1. হেলাল ভাই, আপনার লেখার আমি একজন একনিষ্ঠ ভক্ত–যার লেখায় ব্রেনের শিরাগুলো সজাগ হয়ে যায়—। শিখছি আপনার লেখা হতে–
      যখনই সময় পাই চলে আসি সোনেলার উঠানে—
      সোনেলাকে সুন্দর করতে জিসান ভাই আর আপনার অবদানকে আমরা স্যালুট জানাই– আর তা না হলে এই আমরা কোথায় একটু মনের কথা বলতাম- বলেন তো ভাই !!
      আজ সোনেলায় কত ব্লগার, আরো আসছে, আরো আসবে—সুন্দর পরিবেশে তারা লিখবে ও অন্যদেরকে লিখতে উৎসাহিত করবে– আপনাদের প্রেরণায় আমরা লেখার সাহস পাই–
      ভাল থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ্য থাকবেন আর সেইসাথে নিরাপদে থাকবেন

  14. আমার মনের কথাটি আপনি জানলেন কিভাবে আপু?সব বাদ দিয়ে এই বাড়িতে চলে এসেছি।এখানে সন্মান আছে,আনন্দ আছে।অন লাইনে এদুটোর খুব অভাব আপু।যা খুশি লেখি এখানে।জানি দুজন আছেন এখানে ছায়া দিয়ে রাখবেন,রক্ষা করবেন আমা্দের সন্মান।এখানে একটি শব্দ নেই যাতে অস্বস্তি লাগতে পারে।আর কি চাই আমার? সোনেলার সৃষ্টি থেকে আছি,থাকবো যতদিন অনলাইনে বিচরন করবো।
    সবার সোনেলার জন্য আপনি এত সুন্দর করে লেখার জন্য ধন্যবাদ আপনাকে।

    1. আপু ! আমি আপনার বোন তো বলেন–তাই বোনের মনের কথা ঠিকই বুঝতে পারি !! আপনার সাথে ১০০ ভাগ একমত যে সোনেলায় লিখার মূল্যায়ন করা হয়– এখানে মডুরা নারীদের সম্মান রক্ষার্থে বদ্ধ পরিকর–পুরুষ ব্লগারগণও নারীদেরকে মূল্যায়ন করে—সবাই যেন একটি পরিবারের স্বজন
      সোনেলা ভাল থাক——

  15. কারো প্রতি ভালবাসা প্রকাশে আমরা সকলেই ব্যর্থ হই তারপরও আপনি আজ সোনেলার প্রতি যে ভালবাসা প্রকাশের নিদর্শন দেখালেন সত্যি আমি অবাক হয়েছি। আপনি পোষ্ট দেবার পর সর্বপ্রথম মনে হয় আমিই দেখেছি কিন্তু মন্তব্য করতে পারিনি। আপনার এই ভালবাসা সত্যি অতুলনীয়, সোনেলা তার নিজগুনে সকলের ভালবাসা অর্জন করে নিয়েছে। ধন্যবাদ সাথে কৃতজ্ঞতা সেই সব মানুষদের যারা আড়ালে থেকে আমাদের জন্য এমন এক চিত্রল উঠোন করে দিয়েছেন। সম্মান জানবেন আপু। শুভকামনা রইলো।

    1. ৥ প্রহেলিকা ! আপনার সুন্দর গঠণমূলক লেখা আমি পড়ি–সোনেলায় একটু কম আসা হলেও মন কিন্তু পড়ে থাকে সোনেলার উঠানে—সোনেলার এই অবারিত সুন্দর পরিবেশে সৃজনশীলতা তৈরিতে উৎসাহিত করে—
      আপনার ভালবাসা পেয়ে আবেগে আপ্লুত হলাম রে ভাই !
      সোনেলা বেঁচে থাক আমাদের মনে, প্রজন্ম হতে প্রজন্ম—–ভাল থাকবেন সব সময়

  16. আপনি ঠিকই বলেছেন,সোনেলা আমাদের প্রাণের উঠান।সবাই আমার আত্মার আত্মীয়।এই উঠানে হাসি,কানামাছি,ছি বুড়ি খেলি,গান গাই,জম্পেস আড্ডা দেই।এত হইচই করি,বাড়ির কর্তারা কেউ চোখও রাঙায় না।শান্তি শান্তি আর শান্তি।একটি ব্লগে আইডি ছিলো,লিখেছিলাম বেশ কিছু লেখা।চলে এসেছি সব বাদ দিয়ে এই প্রানের মেলায়।আর যাইনি এই বাগান থেকে।যাবোও না কোথাও এই বাড়ি থেকে,এটিই আমার বাড়ি,আমার প্রানের উঠান।
    সবার মনের কথাটিই প্রকাশ পেয়েছে আপনার লেখায় -{@

    1. প্রাণের উঠানে আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবো— এই হোক আমাদের প্রত্যয়–
      সোনেলা ভাল থাক
      ভাল থাক আমাদের মডুু —আর আমাদের ব্লগারগণ
      শুভকামনাা রইল

  17. আমি একদমই নতুন এখানে।ব্লগার কি তাই জানতাম না।সোনেলার লেখা পড়ি সব।এর পর নিজেরই কিছু লেখার ইচ্ছে হলো।কে জানি বললো একদিন ‘সোনেলা হচ্ছে আমাদের রাফ খাতা’। আর কে পায় আম্যকে?রাফ খাতায় ইচ্ছে মত লেখা শুরু করলাম।লেখি আর কাটি।মহা আনন্দ এখানে।সোনার খনির সোনালী মানুষ আমরা সবাই।আমার মনের কথা গুলো গুছিয়ে আপনিই লিখে দিলেন আপু।

  18. এখানে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে——- আর এই পরিবেশটা মডুরা করে দিয়েছেন– ধন্য মডু—ধন্য — কৃতজ্ঞতা তাদেরকে ——-
    শুভকামনা রইল

  19. এখানে কেউ কাউকেই ডমিনেট করে না, করে না উপহাস। সবার প্রতি সবার রয়েছে এক ধরণের টান–বিনি সুতোর টান–!!
    সম্পূর্ণভাবে একমত প্রকাশ করছি। সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি সোনেলা’র উঠোনে সব্বাইকে নিয়ে বসার জন্য।
    সোনেলা’য় আমার আগমন খুব বেশিদিনের নয়, তবুও কতো আপন আঙ্গিনা মনে হয়। এখানকার সবার সাথে অল্পদিনেই একটা আত্মিক সম্পর্ক তৈরী হয়ে গেছে। সবাইকে মনে হয় আমরা একই পরিবারের সদস্য।

    আমার সেরকমভাবে কিছু লিখার সুযোগ না হলেও প্রতিদিন সোনেলা’য় না আসলেই যেনো নয়। অল্প সময়ের জন্যে হলেও ঢুঁ মারা চাই-ই চাই।
    আর জিসানভাই! ব্লগের জগতে আমার গুরু তিনি। একদিন আমাকে রাফখাতাটা এগিয়ে দিয়ে বললেন, লিখো! আর আমারও লিখতে মন চাইতো কিন্তু ঠিকঠাক খাতাটা খুঁজে পাচ্ছিলাম না। জিসানভাই’র হাত ধরে আসলাম সোনেলা’য়,পেয়ে গেলাম রাফ খাতা।

    1. মন্তব্যটা পড়ে ভীষণ ভাল লাগলো আপু !! হুমম এই রাফ খাতাটাই যেন আমাদের প্রাণের খাতা হয়ে উঠেছে—
      আমরা এখন একই পরিবারের সদস্য
      আমরা মিলে মিশে থাকতে চাই সুখে ও দুখে
      শুভকামনা রইল আপু

  20. সোনেলার প্রতি যে ভালবাসার টান দেখালেন সত্যিই তা বলাটা দুষ্কর ।
    সোনেলা আমাদের প্রানের উঠোন ।এই উঠোন থেকে কার এ বা যেতে ইচ্ছে করে বলুন ।যেখানে আছে সবার মায়া-মমতা , স্নেহ-ভালবাসা ঘেরা সেখান থেকে যেতে পারে একমাত্র অমানুষ এ ।

  21. ভালোবাসার সুন্দর প্রকাশ।

    আমি সোনেলার শুরু থেকেই আছি । বাট লিখছি মাত্র কয়েকদিন হল।
    আমি খেয়াল করেছি যে সোনেলায় সাহিত্য ব্লগ সবচাইতে বেশি। সাহিত্যে আপত্তি নাই বাট একটা কম্যুনিটি ব্লগ প্লাটফর্মে শুধু সাহিত্যনির্ভর লেখা থাকলে তার ব্লগীয় বৈশিষ্ট ক্ষুণ্ণ হয়। সাহিত্যের পাশাপাশি অন্যান্য ধরনের ব্লগিং বিশেষ করে সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখার জন্য সম্মানিত ব্লগারদের আহবান জানাই।
    হ্যাপি ব্লগিং!!!

    1. আন্তরিক ধন্যবাদ শিপু ভাই
      আপনার সাথে একমত যে শুধুমাত্র একমুখী লেখা হলে ব্লগের বৈশিষ্ট ক্ষুন্ন হয়— আশা করি সকল ব্লগারগন এই বিষয়ের প্রতি খেয়াল করবেন
      সুন্দর ও গঠণমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও রাশি রাশি শুভকামনা

মন্তব্য করুন