যাবজ্জীবন

আজ আমার বুকে জমেছে আগুনময় জল –

মেঘ থেকে নেমে আসা মৃত্যুর ঘ্রাণ,

জলজ গন্ধমাখা পুরনো বাতাসে ভেসে ভেসে আসে

মৃত ফুলেদের অচিন সৌরভ।

বৃষ্টি তে অধিকার কেবলই মেঘের, তাই প্রবল বৃষ্টিদিনে অন্ধকারের বিষম সমর্পণ।

বৃষ্টি ব্যস্ত অন্য আকাশে ফুরসত নেই ভেজাবার

বৃষ্টি জেনেছে, যেহেতু শুন্যতা ভিজেছে উতল শ্রাবণে

দুঃখরঙা জারুলের সাথে তাই দেখা হবে অন্য কোন পথে, আরেক ফাল্গুনে।

অথচ,

এ পথ আমার অচেনা নয়, বহুজন্ম আগে আমি এই পথে কন্টকমুকুট পরে হেঁটেছি

সমূলে উৎপাটিত বৃক্ষের ক্রোধী জ্বালা বুকে, এই পথে আমি হেঁটেছি বহুবার, বহুদূর।

আজ আমার বুকে জমা যে আগুনময় জল –

এর নাম সহজেই অভিজ্ঞতা দেয়া যায়,

দিতে পারি নাম মহত্বম ভুল, কিংবা নাম দেই “কিছু নয়”।

দৈবের জিজ্ঞাস্য হতে পারে, জলের তৃষা মেটেনি এখনো, এতো কিছুতেও?

আমার অম্লান হাসি উত্তর দেবে তার সব, সকল উচ্চারিত এবং নিরুচ্চার প্রশ্নেরও,

দৈব জবাব আসে – তবে যাও যাবজ্জীবন অশান্তি ভোগ কর।

মোট পড়েছেনঃ ৭০৭জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. আরো একটি ভালো কবিতা পেলাম আপনার কাছ থেকে, কবিতার চরণে চরণে দারুন এক আবহ সৃষ্টি করেছেন, অভিনন্দন কবিকে এমন সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

  2. এতো শব্দ, বাক্য, আবেগ কোথায় লুকিয়ে রাখেন বুঝিনা
    আবেগের খনি হতে কিছু কিছু বের হচ্ছে প্রতিনিয়ত
    সব কিছু মিলিয়ে কবিতায় এক মোহাচ্ছন্ন মুগ্ধতা ।

    দোলনা দেখে কিছুটা স্ম্রিতিক্রান্ত
    তবে আপনাকে জলে পেয়েছে ভালোভাবেই
    সেই কবে থেকেই জলে আছেন
    দোলনাও জলের মাঝে 🙂

  3. এই যাবজ্জীবন অশান্তি কি দূর হবে লিটন ভাই।
    ”জলজ গন্ধমাখা পুরনো বাতাসে ভেসে ভেসে আসে

    মৃত ফুলেদের অচিন সৌরভ।”
    দারুন

  4. জলের তৃষা মেটেনি এখনো, এতো কিছুতেও?
    দৈবের এই প্রশ্নের উত্তর আজীবনই অতৃপ্তি জানাবে, কিন্তু তাই বলে যাবজ্জীবন অশান্তি! এটা মেনে নেয়া সম্ভব না।

    লাইনে লাইনে ভালোলাগা জানিয়ে গেলাম -{@

  5. ভুল করে কেউ ভুলে, কেউ নেশায়। আপনাকে দিয়ে হবেনা আসলে। তবে যান, যাব্জজীবন অশান্তি ভোগ করুন। জারুল আপনার প্রিয় ফুল বোঝা যাচ্ছে।

মন্তব্য করুন