# দীর্ঘশ্বাসের ক্যানভাসে !

- Author: [মর্তুজা হাসান সৈকত](https://sonelablog.com/author/mortuzashaikat/)
- Published: 2013-08-25T19:27:09+00:00
- Updated: 2013-08-26T02:35:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: প্রেমের কবিতা
- URL: https://sonelablog.com/4423/

---

যাচ্ছি যাব বলতে বলতে যেদিন সত্যি সত্যিই চলে গেলে আমাকে ছেড়ে,  
ছাড়িয়ে নিলে শেষ দাবিটুকুও সম্পর্কের  
সেদিন আমি বুঝিনি, বুঝিনি ভুলেও, কসম  
ধমনীতে ততদিনে প্রেমের নিবিড় প্রবাহ কতটা বইয়ে গেছে !  
কিংবা আমার কতটা জুড়ে বইয়ে দিয়েছো প্রবাহ তোমার  
বিস্তৃত শেকড় কতটুকু ভেতরে আমার বুঝতে পারিনি সেদিন এক রত্তিও !  
তাই তুমি যখন চলে যেতে চাইলে আমাকে ছেড়ে  
আমি আর ফিরাইনি খুব  
ভেবেছিলাম এ যাওয়াটাও বরাবরের মত কাছে আসার অভিপ্রায়ে !  
সেদিন বুঝিনি, আজ বুঝি সেই চলে যাওয়াটা ক্ষোভের বিস্ফোরণ কতটুকু !

আজো হিসেব মিলেনি তোমাকে ছেড়ে কতটুকু ভালো আছি  
কিংবা কিইবা চেয়েছিলে সেদিন-  
তুমিতো ভালো করেই জানতে  
চিরকালই আমি স্বপ্ন আর বাস্তবতাকে গুলিয়ে এসেছি  
বুঝিয়ে না দিলে বুঝবো কী করে বলো  
আমার কতটা জুড়ে বিস্তৃত করেছো তোমার শেকড় !  
কিংবা কী সব অনুযোগ পুষে রেখেছো আমার প্রতি ।

এক এক করে তিন তিনটি বছর কেটে গেলো চলে গেলে  
আমাকে ছেড়ে, পূর্ণ হলো আমাদের সেপারেশনের !  
সেদিন শুনেছি, বাসায় নাকি বিয়ের কথাবার্তা চলছে তোমার  
আচ্ছা বলোতো, যে উদ্যত প্রেমিককে সর্বস্ব উজার করে  
ভালোবেসেছিলে, রক্ত-মাংসে যার দাহে জ্বলেছো অহর্নিশি  
সবিনয়ে তাঁকে ফিরিয়ে, কিংবা তাঁকে দূরে রেখে  
তুমিও কী ভালো আছো কিংবা থাকবে খুব একটা ?  
সকাল-বিকেলের জার্নি, ভার্সিটি- ক্লাশ ইত্যাদি ব্যস্ততায়  
কতটুকু আর ভুলে থাকা যায়, আমিতো পারিনি, সত্যিই কী পেরেছো !

জানি বলবে, একটু একটু করে মানিয়ে নিচ্ছি বেশ  
তবে জেনো, তোমার কতটুকু ঘিরে আমি আর আমার কতটুকু  
জুড়েইবা তুমি, চাইলেই তা কীভাবে অস্বীকার করবে তুমি ? আমিতো পারিনা !

জানিনা কীভাবে আছো, তবে আজকাল আমার কেবলই মনে পড়ে  
মনে পড়ে সেইসব দিনগুলো তোমার আমার  
সেইসব স্বপ্নের আদ্যোপান্ত আমাদের !  
যখন তুমি আমি দুজন মিলে ছোট্ট একটা ঘরের স্বপ্ন দেখতাম,  
স্বপ্ন দেখতাম আমাদের ভালোবাসার ।  
কেবলই মনে পড়ে আজকাল স্মৃতিগুলো ভালবাসাময় সেই !  
খুব ব্যাকুলতা কাজ করে ভেতরে ভেতরে তখন, করে ভীষণ  
অথচ চাইলেই আজ  
দু’ঘণ্টার এই দূরত্বটুকু পেরিয়ে তিন বছরের ব্যবধান ঘোচাতে পারবোনা ।  
জানি, পারবেনা আর কখনোই ।

একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস চেপে  
এক এক করে তিন-তিনটি বছর কেটে গেছে যেভাবে  
জানি, বাকী জীবনটুকুও অত্যন্ত নিঃশব্দে সেভাবেই তুমিহীন কেটে যাবে আমার !

---

Comments: 22 — https://sonelablog.com/4423/#comments
