# হ্যামিলনের বাঁশি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-04T09:00:08+00:00
- Updated: 2020-05-04T13:35:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%bf/

---

একটি হ্যামিলনের বাঁশি চাই,  
যে বাঁশির সুরে বিমূর্ত হবে যামিনী;  
বিমূর্ত হবে অষ্টপ্রহরের ভবলীলা-  
জাগ্রত হবে মানবতা, বিবেক, প্রেম।  
মুছে যাবে কালিমা, জঞ্জাল;  
হারিয়ে যাবে জরা-ব্যাধি, মহামারী-  
সময়ের অতলান্তে।

একটি হ্যামিলনের বাঁশি চাই,  
যে বাঁশিতে আনন্দের লহরী উছলে পড়বে-  
ধরণীতে সমর্পিত হবে প্রণত জলাধার।  
অন্তরীক্ষ সাজবে বর্ণালী ধারায় সকাল-সন্ধ্যা;  
প্রকৃতির ক্যানভাসে বিচ্ছুরিত হবে রঙের প্রলেপ।  
মর্ত্যলোক চির-নবীন হয়ে ফুটবে যে শুভারম্ভের জয়যাত্রায়।

হে হ্যামিলনের বাঁশি!  
তোমার মদিরাক্ষীতে অধরের মদির ঢালো,  
আবেশে পুলক ছড়াও ;  
লোভ-লালসা, হিংসা-অহংকার ,ক্রোধ-জিঘাংসা;  
বিসর্জন দাও নেশার সরোবরে;  
প্রিয় বসুধাকে- পূণ্যময় করো, বাসযোগ্য করো।

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%bf/#comments
