# হে প্রিয়তম!

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-22T06:40:14+00:00
- Updated: 2020-04-22T06:40:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a6%ae/

---

হে প্রিয়তম, একবার ভালোবাসো;‌  
একবার তোমার বুকের উষ্ণতায়-  
আমার হিমশীতল, ঘুমন্ত বাসনাকে উত্তপ্ত করে দাও।  
হে প্রিয়তম, একবার আলিঙ্গন করো;  
সেই আলিঙ্গনে ভেঙে চৌচির হোক বুকের পাঁজর।  
হে প্রিয়তম, একবার কাছে এসো;  
তোমার ধুম্র বিরহিত অধরের অনলে পুড়িয়ে ভস্ম করে দাও –  
গোলাপের পাপড়ি যুগলকে।  
হে প্রিয়তম, ভুলে যাও অমানিশার আঁধার কে,  
ভুলে যাও চন্দ্রালোকের বর্ষণকে।  
প্রেমের ষোলো কলা পূর্ণ হোক  
তোমার-আমার গোপন অভিসারে।

হে প্রিয়তম, একবার চেয়ে দেখো নয়নের আড়শিতে;  
নেশার মানচিত্র এঁকেছি তোমার কামনার আখরে।  
হে প্রিয়তম, একবার ছুঁয়ে দেখো কপোলের পৃষ্ঠদেশ;  
সহস্র অশ্রুধারা পাবে খুঁজে তোমার বিরহে।  
হে প্রিয়তম, একবার কাছে এসো;  
তোমার অঙ্গুলীর স্পর্শে এলোমেলো হোক পরিপাটি কেশ শয্যা।  
হে প্রিয়তম, একবার কাছে এসো;  
ব্যথার জমানো বরফ পাহাড় গলে যাক-  
তোমার ভালোবাসার উষ্ণতায়।  
হে প্রিয়তম, একবার বলো ভালোবাসি;  
সব মান-অভিমান ভুলে ভালোবাসার স্বর্গ রচি- ভুবন ডাঙার চরে।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a6%ae/#comments
