# হে প্রণয়ী (সোনেলা ম্যাগাজিন-২০২২)

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2022-08-10T11:35:55+00:00
- Updated: 2022-08-10T11:35:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be/

---

বিরহী মহুয়ার মাতাল গন্ধে আকাশ কাঁদে ঐ

চাঁদটাও নুয়ে ছুঁয়ে যায় রক্তরাঙা মহুয়ার সারা অঙ্গ।

বাতাসে বনলতা সাঁওতালি সুর তোলে!

জংলার বুকে সর্পিলাকার নদীর উদ্দামতা ছড়ায় পাহাড়ী-কন্যা।

প্রণয়ের আবেশে সাগরের লোনা বুকে আঁধফোটা ঝিনুকের আত্মাহুতি;

নিঃসঙ্গ গাংচিল ক্ষয়িষ্ণু আবেগে উড়ছে হাওয়ায়

রাতের শৈল্পিক বাসনায় কাঁচপোকা পুড়ছে অবিরত।

হাওড়ের বুক চিরে নিশিপদ্মে ধ্যানমগ্ন- উন্মনা তরঙ্গিনী!

হে পৌরুষদীপ্ত প্রেমিক! পথ হারিয়ে ফেলো না পথের আড়ালে;

দুর্বোধ্য নারীর প্রেমে উন্মাদ, উত্তাল তোমার হৃদয়-সরোবর।

বহ্নিশিখায় পুড়ে খাক হবে তোমার বোহেমিয়ান অনুরাগ!

যেমন করে পুড়ে অঙ্গার হয় পতঙ্গরাজ।

দেবদারু শাখে অশনিসংকেত দুলছে বাদুড়ঝোলা,

পথভোলা পথিক ফিরে যাও তেপান্তরের মাঠ পেরিয়ে

দূর-পাহাড়ের শীতল পাটে।

 

ছবি-নেটের

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be/#comments
