# বর্ষা-বিষণ্ণ হেমন্ত

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-10-25
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a3/

হেমন্ত!  
এ কোন্ ক্রমাগত ঝরে পড়া,অক্লান্ত বিষণ্ণতা,এ-বেলায়,ও-বেলায়,অবেলায়! অহেতুক আটকে পড়া, আটকে যাওয়া, দিনান্তে-ও;হৃদয়ে কাঁপন জাগে হিম-বাতাসে, সান্নিপাতি বা ওলাওঠা না হোক, সামান্য গা-গরম তো হতেই পারে, বুকে নিমুউনিয়ার ডাক না হয় বাদ-ই দিলাম! এ-কী!দিনান্তে একটু তাড়িয়ে/নাড়িয়ে মজা দেখা/মজা নেয়া! দেখ্ এবার,কত বড় ‘ক’! নাকি গভীর কোন ষড়যন্ত্র! ফেলে রাখা ফেলে যাওয়া, কাঁচাপাকা ফসলের মাঠে, নৈমিত্তিক যাতনা-খেলার মত! লুকোচুরির এই বৃষ্টি, এই জল খেলার ছলে জান-প্রাণ নিয়ে লোফালুফি !

হে সোনালী হেমন্ত  
ঝড়-জল দিয়ে বেমক্কা/আচমকা বেমানান পিলে-চমকানো খেলা বড়ই বেমানান;  
আটকে আছি এই ধানসিঁড়িটির কাছে, আটকে গেছি এই-ই তীরে জন্ম জন্মান্তরে।  
বর্ষা সৌরভের বর্ষা-মঙ্গল শেষ হোক এবার, মনোহর সোনালী উৎসবে।

নীলাঞ্জনা হেমন্ত,  
আমাদের পাঁকে ফেলে পাঁজর কাঁপিয়ে এ কোন দেখে নেয়ার মজা মজা খেলা!  
আঁকাবাঁকা জানা/অজানা অনেক –জানা সুমধুর পথের ডাকে উথল নৃত্যে পা ফেলো-না,  
একাকিনীর ঘন-সবুজ-বনে দুষ্টুরা ছিটি বাজাচ্ছে ঢোল-কলমির ফুল হাতে!

অক্লান্ত উর্বশী সাহসিকা অপ্সরা হেমন্ত,  
দুরন্ত-ডানার নবান্ন সোনালী কল্লোল রোদ নিয়ে ঐ আসছে , অনুপম উষ্ণ অনুরাগে।
