# হেমন্ত বন্দনা-কবিতার গর্ভে পরিপুষ্ট হৈমন্তী ফসল

Author: অনন্য অর্ণব
Published: 2019-10-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d/

রক্ষিতা রাতের তৃতীয় প্রহরে নামে আশ্বিনী ঝড়,  
আমি কবিতার সুঢৌল উর্বর পাঁজরের পৃষ্ঠে পৃষ্ঠে খুঁজি –  
আদিমতার লেলিহান শিখা- জোড়া ধ্বংসস্তূপ।।

সহস্র রজনী পেরিয়ে এসে কবিতার বাহুতলে আজ-  
মুখ গুঁজতেই নামে বৃষ্টি- আহা সে বদন খানি অপূর্ব কারুকাজ,  
অষ্টাদশী কবিতার শরীর জুড়ে- যেন আমিই রাজাধিরাজ।।

গত জনমের ভৌতিক আল্পনা ভুলে- আমার আর কবিতার সংসার,  
আমিতো ধরেই নিয়েছিলাম-এ জন্মে হয়তো আর;  
আমরা খুঁজে পাবো না কোন শারদীয় শেষ প্রহরের মাতাল বৃষ্টির তান।।

আমি কবিতার কোমল কপোল হয়ে গাল বেয়ে নেমে আসি গ্রীবা-দেশে,  
ঈষদুষ্ণ ওষ্ঠের লালায় খুঁজি সুপেয় অমিয়ের স্বাদ –  
রাত পোহালেই শুরু হবে ফল-ফসলের হৈমন্তী প্রভাত ।।

> আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার সদ্য বেড়ে উঠা পেটের পরে,  
> যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতেে,  
> কাবেরী নদীর জলে, আজ সে যে পরিপুষ্ট ফসলের মাঠ।।

আমি শব্দের মালা গেঁথে  ছন্দের বিনুনিতে সাজিয়েছি তারে-  
মনের মাধুরী ঢেলে, তুলবো সে অনাগত ফসল এই বার,  
আসছে হেমন্তে বুঝি আমার কবিতা তার খুলে দেবে দ্বার ।।
