# এসো হেমন্ত এই নবান্নে

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-10-20
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

প্রবল প্রত্যুষে হেমন্তের সোমত্ত-সোনালী-চাঁদ  
পশ্চিম আকাশ জুড়ে ম্লান আলো ফেলে রেখে  
জানলা জুড়ে এসে দাঁড়ায়!

নবান্ন যে এসে গেল দোর গোঁড়ায়  
সোনালী ধানে ছেয়ে যাচ্ছে সারা প্রান্তর;  
শিশিরের ঘ্রাণে, উৎসবের আহ্বানে,  
উঠবে আঁটি আঁটি সোনা সোনা ধান,  
সুস্বাদু অন্ধকার এড়িয়ে এসে দাঁড়াবে  
এ সোনালী আঙ্গিনায় চোখে চোখ ঘসে;  
হে আজন্ম কৃষক, এসো এ নবান্ন-প্রাণের-উৎসবে।  
অকাতর অবসাদহীন শান্তিময় প্রাণ জুড়ে।

জমি-হীন নিষ্ফলা কৃষক, লাঙলের ফলায় নেই  
কবিতা-অহংকারের সুপ্ত বীজ, সুগন্ধি ডানা  
হারিয়েছে সেই কখন!  
হৃদয়েরে বলি, পড়ে থাকুক এই নবান্নের উৎসব  
ফিরে গিয়ে-ই না-হয় হারিয়ে যাই তিমির-অন্ধকারে।

হেমন্ত-চাঁদ ঘ্রাণ-ফসল নিয়ে হাসে, নত-চোখে, নত-মুখে,  
বলে, অভিশাপ দিচ্ছি এই ঘোর সকালে  
আজন্ম থেকে যাবে মরুময়, কবিতা-হীন, জগৎস্বামীর কাছে  
এই নিবেদন, ভূতের শিকল পড়ুক ওই পায়ে;

তবুও এসো এই নবান্নের উৎসবে কবিতাকে সাথে নিয়ে।
