# নবান্ন এসেছে দ্বারে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-10-23T06:25:19+00:00
- Updated: 2019-10-27T05:24:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b8/

---

 

কাঁচা-পাকা অরণ্য-ধানের ঘ্রাণে  
দগ্ধ-রৌদ্রের ডানা মেলে ছুটে আসে  
পতঙ্গকুল, মৌ-গুঞ্জনে;

নিরাল রাতের স্বপ্ন-জোনাকি  
নিভু নিভু করে জ্বলে, এই হেমন্তে,  
কাঁপাকাঁপা হৃদয়ের মসৃণ-ধ্বনি  
প্রতিধ্বনি তোলে, বিষণ্ণ-হৃদয়ের  
দীর্ঘ-দেয়াল জুড়ে;

ছোট্ট বুনো-মৌমাছির নীল-গুঞ্জন  
নিরন্তর শুনি, উদাসী দুপুরের প্রাণের নিখিলে;  
দোল খাওয়া সোনা-ধানের বনে  
আগুনের শিখা হাওয়ায় ভাসে,  
এক ফোঁটা মেঘ একটু ঝুম বৃষ্টির ঝলকে  
ফিরে আসবে উজ্জ্বল শরীরী বাসনার মিলন-বিলাস;

স্বপ্নাঞ্জলি-আঁকা-চোখের হে হেমন্ত মেয়ে  
চোখ তোলো, নবান্ন এসেছে দ্বারে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b8/#comments
