# হেমন্ত ছুঁয়ে যায়

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-02-04T09:27:54+00:00
- Updated: 2020-02-04T09:27:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/

---

ভোরের শিশির স্নাত শিউলি শয্যায়  
বাসন্তী ছটায় দোয়েলের অবগাহন;  
হেমন্ত ফসলের মৌ মৌ গন্ধে দামাল ছেলেরা-  
মিতালী করেছে অম্বর নীলিমায়  
মেঘবালিকার দূরন্তপণার সাথে।  
পালতোলা নৌকার ছলাৎ ছলাৎ ছুটে চলা ,  
ঢেউয়ের পর ঢেউ যেন দূর্বার আকর্ষণে  
ছুঁয়ে যায় নূয়ে পড়া কাশবনের নগ্ন চরণখানি।  
দিগন্ত জোড়া হিরণ্যময়!সোনালী আবৃত সবুজের সমারোহ-  
প্রকৃতিকে দিয়েছে নতুন বসন।  
ছাতিমের গন্ধে মাতাল শর্বরীর দেহ-বল্লরী।

ঘরে ঘরে নবান্ন আর পিঠা পুলির সুঘ্রাণ  
ব্যাকুল করে ছেলে,বুড়ো আর পথিকজনকে।  
হেমন্তের পূর্ণশশীতে রাতের আঁধার ঢেকে যায়;  
জ্যোৎস্নার আলো বিকোয় উঠোন জুড়ে-  
সেই আলোতে চলে কৃষাণ কৃষাণির মহোৎসব।  
হেমন্তের মেঘ-বৃষ্টি-রৌদ্রের খেলায়  
কে কখন ছুঁয়ে যাবে-  
চঞ্চলা প্রকৃতির মাঠ-ঘাট-প্রান্তর;কেই-বা জানে ?  
কাশফুলের ময়ূর-চূড়ায় কিশোরীর খোঁপা  
সেজেছে পুচ্ছ তোলা পাখির মতো;  
কৃষ্ণ জলে পা ভিজিয়ে পাড়া মাতায় ঝরো ঝরো।  
কাস্তে হাতে কৃষকের মাঠে মাঠে আমন ধান কাটার ব্যস্ততা ;  
মেয়েদের নাইওর আগমনে চিত্ত আনন্দে আত্মহারা।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#comments
