# হেমন্তের নদী

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2019-10-16
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/

হেমন্ত এলো,  
ঝক্‌ঝকে আকাশে জ্বলজ্বলে তারার মেলায় চাঁদ হলো তার অতিথি,  
হাওয়ায় উড়িয়েছে একমুঠো জ্বোনাকি।

শিউলিতলায় ফুলেদের আসরে আজ মৃদু হিল্লোল,  
কার্তিক-বরণ করবে সবাই নিজেদের উজাড় করে।

জোছনার আতিশয্যে ঐশ্বর্যময়ী নদী  
বয়ে চলে শান্ত নিবিড়তায়,  
নদীর ঘ্রাণে আকুল পথিক স্তব্ধ ;

শান্ত নদীর হিমেল হাওয়ায় অশান্ত বাসনারা আঁকিবুঁকি আঁকে,  
জোছনা মাখা দৃষ্টির আঘাতে ভেঙেছে নদীর অটুট অহংকার,  
অস্থির ঢেউগুলো আজ বড্ডো লাজুক ;

নদী বয়ে চলে তিরতিরে হাওয়ায়,  
তীরে না ফেরার বাহানায়…

\* অ-কবিতা  
\* ছবি-আমার 🙂
