# হেঁটে চলা সময়।

Author: শুন্য শুন্যালয়
Published: 2016-08-03
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a5%a4/

মেমোরি থেকেঃ  
বাবার সাথে কোন একটা কাজে বের হয়েছিলাম। হাঁটছি তো হাঁটছি, আব্বা তবুও রিক্সার নেবার নাম করছেনা। রাগের মিটার চড়তে চড়তে বললাম,  
\* আব্বা রিক্সা নেন।  
\= রিক্সা তো মা ব্রিজের গোড়ায় গেলে পাবো  
\* কিন্তু খালি রিক্সা তো কতই চলে গেলো সামনে দিয়ে  
\= তাই?  
\* 🙁  
ব্রিজের গোড়া পার হয়ে যাচ্ছি।  
\* আব্বা রিক্সা নেন।  
\=মা এক কাজ করি, আমরা ব্রিজটা পার হয়ে ওপাড় থেকে রিক্সা নেই, তাহলে রিক্সাভাড়া অর্ধেক হয়ে যাবে।  
\* 🙁  
ব্রিজ পার হয়ে ওপাড়ে গেলাম, তবুও রিক্সা নিচ্ছেনা দেখে রাগের চোটে কিছু বলছিনা।  
অফিসের কাছাকাছি প্রায় তখন মনে পড়েছে এমন ভাবে আব্বা বললো,  
\=চলো রিক্সা নেই  
\* আমি রাগ করে, কোন দরকার নেই, অফিস কাছেই।  
\= তা অবশ্য ঠিক, অইতো অফিস দেখাই যাচ্ছে এখান থেকে।  
আব্বাকে কিছুই বলতে পারিনা। যত্ত রাগ বাড়ি এসে মায়ের উপর ঝাড়লাম, আবার যদি আব্বার সাথে কোথাও পাঠিয়েছেন তো দেইখ্যেন 🙁  
আমার বাবা গ্রামের পর গ্রাম হেঁটে অভ্যস্ত। ছাত্র ইউনিয়ন করেছে, এরপর কমিউনিস্ট পার্টিও, তাই হাঁটা তারকাছে মাছে-ভাতে বাংগালীর মতো, তবে আমার কাছে মনে হয়েছে, হয়তো রিক্সা ভাড়ার ৫/৬ টাকা বাঁচানোও একটা ফ্যাক্টর ছিলো। হিসাব করলে হয়তো মিনিট ২০ কিংবা আধাঘন্টা হেঁটেছিলাম।

এখন হাঁটি শখে, হাঁটি ডায়াবেটিস থেকে দূরে থাকতে, হাঁটি আনন্দে, হাতে মোবাইল ক্যামেরা থাকলে এক ঘন্টাও অনায়াসে হেঁটে যেতে পারি।  
তবে এই প্রথমবার হেঁটে হেঁটে ট্রেন স্টেশন পৌঁছানোর পর ট্যাক্সির ১০ ডলার বাঁচাতে পেরে কেমন এক আত্মপ্রসাদ অনুভূব করলাম। বাবাকে মনে পড়েছে কাল খুব। তুচ্ছ কতো তুচ্ছ কিছু থেকেও কতো বড় কিছু গ্রহণ করতে পারি আমরা।

অধুনা আকাশ ভ্রমণের প্রেমে পড়েছি, রিক্সাভ্রমণ আজীবনের পছন্দ ছিলো। তবু বলি হাঁটার মতো অতিমাধুর্য্যের কিছু নেই, হেঁটেছি বলেই একদিন গোলাপ ফুলের ম্যাক্রো ছবি নিতে গিয়ে পাপড়ি সরাতেই দেখি, তার ভেতর একটা শামুক, যেন ঘুমিয়ে আছে। স্বর্গীয়। আমি যেন এখন সময়কে হাঁটাই।

\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*  
**বাসস্টপ ও রেললাইন**

[![20160802\_130706 \[\] (2)](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/20160802_130706-2.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/20160802_130706-2.jpg)[![20160802\_131409 \[\]](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/20160802_131409-.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/20160802_131409-.jpg)

কোনটা দিয়ে শুরু অথবা শুরুর শুরু? একটি হচ্ছে শুরু কিংবা শেষ, আরেকটি চলা, গতি। যদি বলি সবকিছু প্রথমে শুরু দিয়েই শুরু হয়, এরপর চলা, তবে কিছুটা ভুল বোধহয় থেকেই যাবে, কারন সত্যি সত্যি কোথায় কবে শুরু তা আমরা কেউ জানিনা, আমরা তো চলছিই চলছি মনেহয় আদি থেকে অনাদি। আর শেষটাও কোথায় তাইবা কে জানে? তবে আমাদের সমাধিতে একটা তারিখ লেখা থাকে জন্ম এবং মৃত্যুর। মাতৃগর্ভের সময়টুকু আমরা গুনিনা, গুনিনা অন্ধকারের অই পাড়ের সময়টুকুও। মূল্যবান সময়ের ভিড়ে, মূল্যহীন কিছু সময় তবে থেকেই যায়, তাইনা?

.
