# হৃদয়ের রঙ

- Author: [মানিক পাগলা](https://sonelablog.com/author/manik-pagla/)
- Published: 2013-10-21T14:44:43+00:00
- Updated: 2013-10-21T14:46:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: মানিক পাগলার কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%99/

---

হৃদয়ের রঙ কি?  
যদি বলো নীল-  
তবে এ আকাশ তোমায় দিলাম,  
হৃদয় যদি হয় সাদা  
শরতের মেঘের ভেলায়  
ভাসিয়ে দিলাম  
ভালবাসার বারতা,  
দুপুরের রোদে  
কাঁশ ফুলের নরম ছোঁয়ায়।

হৃদয়ের রঙ কি?  
যদি হয় সবুজ–  
তবে এ প্রান্তর তোমায় দিলাম,  
হৃদয় যদি হয় লাল  
তবে এ বক্ষ চিড়ে দিলাম,  
রাঙ্গিয়ে নিও দু‘হাত  
রক্তিম আভায়।

হৃদয় যদি হয়-  
বয়ে চলা কোন এক  
চঞ্চলা নদী  
তবে সে নদীর স্রোতে  
তোমায় ভাসিয়ে দিলাম,  
হৃদয় যদি হয়-  
গোধূলী বেলায় সূর্যের কারুকাজ  
তবে সে ক্ষন তোমায় দিলাম,  
গোধূলী মেখে নিও  
তোমার সুরভিত কোমলতায়।

হৃদয় যদি হয়-  
শীতের সকালে নরম ঘাসে  
জমে থাকা শিশির বিন্দু  
তবে সে সকাল তোমায় দিলাম,  
হৃদয় যদি হয়-  
কোন এক পড়ন্ত বিকেলে  
সূর্যের ছায়া  
তবে সে বিকেল তোমায় দিলাম,  
হৃদয় যদি হয়-  
আমার বুকে  
তিলে তিলে জমানো ভালবাসা  
তবে তা তোমায় দিলাম,  
রেখে দিও  
তোমার মনের মনি কোঠায়।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%99/#comments
