# হৃদ্য়-মেঘের বৃষ্টি

Author: ছাইরাছ হেলাল
Published: 2018-11-19
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

শিশিরের শব্দ শুনবো বলে  
কান পেতেছি অজস্র বিনিদ্র রাতে,  
পাইনি শুনতে;

জল পড়ে পাতা নড়ে  
জলের পড়ে যাওয়া বা পাতার নড়ে ওঠা  
দেখতে পাইনি,  
বিশুষ্ক পাতাদের উড়ে যাওয়া দেখছি;

পাহাড়ের বুকে আলতো করে কান পেতেছি,  
বয়ে যাওয়া ঝর্না-ধ্বনি শুনবো বলে  
পাহাড় রাজি হয়নি;

দিগন্তের কাছে জানতে চেয়েছি  
নীলাচল কে কেমন লাগে!  
লজ্জা পেয়ে মুখ লুকিয়ে পালিয়েছে,  
বলে যায়নি, আভাসে ইংগিতে-ও!!

দারুণ আকর্ষণে  
শঙ্খচূড় সাপদের সং দেখেছি কাছে থেকে;

দেখিনি সুলায়মানের স্বচ্ছ স্ফটিক প্রাসাদ,  
দেখিনি সাবার রানী বিলকিসকে (২৭/৪৪);  
দেখিনি হাটুঁ পর্যন্ত টেনে তোলা কাপড়ের  
ফাঁক গিলে তার সুডৌল পা; (আল্লাহ মাফ করুন)

ঝাঁক ঝাঁক প্রাণপণ বিষণ্ণতায়-ও  
কাঞ্চন-মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যায়-নি;  
কবিতা-প্রহরের শাখা পল্লবে শুধুই  
অন্ধকারের হাতছানি।
