# হিমুর হাতে নীল রুমাল

- Author: [মুহম্মদ মাসুদ](https://sonelablog.com/author/masud95/)
- Published: 2019-11-20T05:35:16+00:00
- Updated: 2019-11-20T05:35:16+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2/

---

ঘুমাতে পারছি না কোনমতে। একটু পরপর জেগে উঠছি। একরকম বিস্ময়কর নেশার পেশায় জড়িত হয়নি কোনদিন। কিন্তু আজ হঠাৎ করে কেন যে দীর্ঘ রাতটাকে পাহারা দিতে বসেছি তারও কোন সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া মুশকিল। শুনেছি প্রেমে ছ্যাঁকা খেলে প্রেমিকদের ঘুম আসে না। প্রেমিকেরা সারারাত বাতি জ্বালিয়ে বিড়ির ধোঁয়া আর ছাইপাঁশে রাত্রিযাপন করে। কিন্তু আমিতো সবেমাত্র প্রেমের পথে পা রেখেছি।

একদিকে ঘুম এসে ঘুম ভেঙে যাচ্ছে। আবার অন্যদিকে হিমুর নাক ডেকে ঘুমানোর আওয়াজের যন্ত্রণায় মনের মাংসপেশিতে রাগ জমে জমে হাড্ডি-গুড্ডি ক্ষয়ক্ষতির কবলে পরছে। এরচেয়ে চরম দরিদ্র বিরক্তির ঘটনার মুখোমুখি স্বাক্ষী হয়ে থাকিনি কোন দিন। হিমু নাক ডেকেই ঘুমাচ্ছে। কিন্তু কিছু বলার উপায় নেই। কারণ, ঘুম থেকে উঠেই বলবে – আমি নাক ডাকি না।  
হঠাৎই ভয়ে বুক কেঁপে ওঠে। বুকের পর্দাগুলো ধুকপুক ধুকপুক করতে থাকে। মাথার উপরে ফ্যান তখনো ঘুরছিল। কিন্তু ঘুম থেকে জেগে উঠে দেখি পুরো শরীর ঘেমে একাকার। বিছানাটা অব্দি ভিজে গেছে।  
আবার সেই খিলখিলিয়ে হাসি। যেটা ভেবে ভয় পেয়েছিলাম কিন্তু সেটা হয়নি। হিমু নিজেই ঘুমের মধ্যে উচ্চস্বরে খিলখিলিয়ে হাসতে ছিলো। সবকিছু আজ রংতামাশার মতো লাগছে। এলোমেলো অগোছালো এলোপাথাড়ি।  
আর ঘুম হয়নি। জেগে জেগে মনের মধ্যে দর কষাকষি করছিলাম চিন্তাভাবনার সাথে। কিন্তু কোনদিক থেকেই অগ্রসর হতে পারছিলাম না। হঠাৎ কিছু সমাধান মিলবে মিলবে ভাব ঠিক তখনই হিমু হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আর বলতে শুরু করলো – প্লিজ সোনা পাখি, যেওনা। আমি কোন উপায়ন্তর না পেয়ে হিমুর শরীরে হাত বুলিয়ে ডাকতে শুরু করলাম।  
এই হিমু। কি হয়েছে তোর? এই হিমু…।  
ঘুম থেকে জেগে উঠে দেখে চোখের কোণে কয়েক ফোঁটা অশ্রু-শিশির বিন্দু গাল বরাবর চুইয়ে চুইয়ে পরছে। আমি টিস্যু পেপার হিমুর হাতে দেই। হিমু তখন বলে ওঠে – নীল রঙের রুমালটি কোথায়?  
নীল রঙের রুমাল..! মানে কি? এতো রাতে রুমাল পেলি কোথায়?  
কেন? ও যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলো আমি তখন খুবই কাঁদছিলাম। তখনই আমার হাতে নীল রঙের রুমাল দিয়ে বললো – প্লিজ কেঁদো না। রুমাল দিয়ে মুছে নাও।  
আমি বললাম – শালা, তুই স্বপ্ন দেখেছিলি। আর আমার ঘুমের বারোটা বাজাচ্ছিলি।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2/#comments
