# হায় মানুষ, হায় ঈশ্বর

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-10-08T19:15:28+00:00
- Updated: 2013-10-08T19:16:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- Tags: কবিতা, নীলকন্ঠ জয়ের ডায়েরী
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/

---

নর্দমা আর ডাস্টবিনের কাছে খাদ্য ভিক্ষা করেছি প্রভু-  
দেখি সেখানেও চলছে অভাবের ঘনঘটা,  
তুমিও বুঝি ক্ষুধায় রেখে করে যাচ্ছ তবুও-  
চৌতলার ঐ অসৎ বান্দাদের সেবা?  
মানবিক বিবেকের কাছে হার মেনেছি, সেইতো কবে হায় !  
তুমিও প্রভু হার মেনেছো সম্পদের বিড়ম্বনায়?  
হায় মানুষ ! হায় ঈশ্বর !  
মানব জনম বৃথা হয়ে যায়, হয়ে যায় নশ্বর !

তোমার জন্য তৈরী হয় দেখো মসজিদ-মন্দির শত;  
তোমার নামেই বিলি হয় দেখি সিরনী-প্রসাদ কতো।  
নিঃস্ব আমি সেজদা দিয়েছি, প্রশ্ন করিনি কোন,  
ওই ভালোবাসায় বৈধ্যতার ঘ্রাণ খুঁজেও দেখিনি কখনো।  
বুকে পাড়া দিয়ে বড় হলো যারা, তাদেরই দিয়েছো সব-  
আমার জন্য ভালবাসা দিয়ে গড়ে দিলে তুমি, যন্ত্রণার প্রাসাদ!  
হায় মানুষ ! হায় ঈশ্বর !  
মানব জনম বৃথা হয়ে যায়, হয়ে যায় নশ্বর !

যাদের ঘামে রক্ত ঝরে, মুখে আল্লাহ হরির নাম,  
তাদের ব্যাথায় কাঁদোনা তুমি, কাঁদেনা তোমার প্রাণ !  
মরীচিকা শুধু, বালুচর ধুঁ ধুঁ, আশার ভেলায় অভিশাপ;  
তবুও আমি স্বপ্ন দেখি, খুঁজে ফিরি জীবনের উত্তাপ।  
ভেবে নিই সবই পরীক্ষা তোমার,তোমারই আশির্বাদ-  
নত করি শির,আমি অতি ধীর,গড়ি ভালোবাসার প্রাসাদ।  
হায় মানুষ ! হায় ঈশ্বর !  
মানব জনম বৃথা নাহি হয়, লীলা অবিনশ্বর !

~নীলকন্ঠ জয়।  
অক্টোবর ৯,২০১৩

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/#comments
