# হাসি

Author: শুভ্র রফিক
Published: 2016-02-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-2/

নানা রকম হাসি বেচি

পাইকারি ও খুচরা

ইচ্ছে হলে কিনতে পার

একক কিংবা দোসরা।

খোকা খুকির হাসিতে রয়

পবিত্র সেই সুখ,

তাদের হাসি দেখলে সবার

জুড়িয়ে যায় বুক।

বক্র হাসি হাসেন যারা

যায় না বোঝা মানে

কোন হাসির কি অর্থ

কেউ কি তাহা জানে?

কেহ হাসে মুচকি হাসি

শব্দ হয়না মোটে,

অট্টহাসি শুনলে ভাবে

বোমা বুঝি ফোটে।

প্রেমিক জুটি দারুন হাসে

গালে পড়ে টোল,

হাসিমাখা মুখে ঢুলি

বাজিয়ে যায় ঢোল।

কেহ হাসে খলখলিয়ে

ঝরণা ধারার মত,

কত রকম হাসি আছে

বলব আমি কত?

বুড়াবুড়ি হাসে দেখ

দাঁত পড়া মুখে

এত হাসি দেখেও কেহ

হাসে অতি দুখে।

সুখের হাসি দুখের হাসি

যে রকমই হয়,

হাসিতে ভরিয়া উঠুক

হাসি ভুবন ময়।
