# হারিয়ে যাওয়া দিনগুলো

- Author: [স্বপ্নচারী](https://sonelablog.com/author/swapnochari/)
- Published: 2014-09-30T08:50:01+00:00
- Updated: 2014-09-30T08:50:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/

---

জানিস মুনিয়া,  
আজ বিকালে তোদের বাড়ি ঘুরে এলাম …  
হেঁটেই গেলাম …  
জানিস যে ছোট্ট সাইকেলটা আমরা চালাতাম,  
সেটায় এখন জং ধরেছে …  
তাই আর ওটা নিয়ে যাইনি…  
ভাবলাম তোদের বারান্দাটা নোংরা করব না ,  
সাথে বারান্দায় কিছুটা জায়গাও বেঁচে যাবে …  
মনে পড়ে , ওই বারান্দাটায় বসে কতো সময় গেছে,  
ছেলেমানুষি খেলায় …  
কতো অঙ্ক, কতো ভূগোল পাঠে কেটেছে সময় …  
বাইরে তোদের মন্দিরটা তেমনি আছে ,  
তুলসি গাছটাও শিখেছে অভিযোজন করতে …  
ওপাশের ইউক্যালিপটাস গাছটা,  
যার পাতায় কেমন সুন্দর গন্ধ ছিল,  
তোর দেওয়া সেই পাতাগুলো বইয়ের ভাঁজে ,  
জমা পরে আছে আজও …  
উঠানের সেই বসার জায়গাটা ,  
যেখানে বসে তুই শেষবার আড়ি বলেছিলি,  
সব তেমনি আছে …  
তারপর তোর বাবার হঠাৎ বদলি,  
আর তোর না বলেই চলে যাওয়া …  
পরে মায়ের মুখে শুনেছিলাম খবরটা …  
তুই আর ফিরলি না,  
ফিরবার কথাও দিস নি যদিও …  
আজ বাড়ির প্রতিটা দেওয়ালে আমাদের শৈশবের ছবি ,  
আর গভীর দীর্ঘশ্বাস ……  
আমরা হারিয়ে গেছি,  
আমাদের সেই শৈশব তো হারিয়েছে কবেই …  
আমাদের বন্ধুত্ব আজ মুছে গেছে ,  
শহর থেকে …  
সময় থেকে …  
তোকে শুধু একটা প্রশ্ন করি ,  
বৃষ্টিরমুখর মন খারাপ করা দিনে,                                                                                                                                                                                       অথবা  যেদিন নিজেকে খুব একা লাগে,                                                                                                                                                                                   সেদিন কি মনে পড়ে না আমদের কথা ?                                                                                                                                                                                          চোখের কোনে কি এক ফোঁটাও জল উঁকি দেয়না ?  
উত্তরের অপেক্ষায় থাকব … 🙁

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/#comments
