# স্মৃতি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-11-10T17:33:55+00:00
- Updated: 2016-11-10T17:33:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-6/

---

শেষে এসে পৌঁছে গেলাম  
তেপান্তরের মাঠ পেড়িয়ে ছোট্ট শিমুল গাঁয়ে,  
বেসামাল জনারণ্য ঠেলে ঠেলে  
উৎকণ্ঠার বৃষ্টি আর ঝড়-জল এড়িয়ে;

এই মেঠো পথ মিশে আছে  
কৈশোরের স্বপ্নমাখা মধুপ্রেমে, ছি-বুড়ি আর  
এক্কা-দোক্কার স্মৃতিতে;  
শব্দহীন ঝরে পড়া গন্ধের বুনোফুল  
নাম না জানা লতাপাতা, রঙ-বেরঙের পাখি,  
আলতা পায়ে ঘোমটা টানা রাঙা বৌ  
লাজে হাঁটে শিথিল বসন্তে, ত্রস্ত পায়ে একাকীর বনপথে,  
জ্যোৎস্নার টোল-খাওয়া চন্দনহাসি, গালিচার সূর্যোদয়,  
ঝাঁক ঝাঁক স্মৃতি সবই ছিল, হয়ত বা এখনো আছে  
শুধু নেই সেই সেই শিমুলের গাছটি, অজস্রের মাঝে,

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-6/#comments
