# স্মৃতিময় বৃষ্টি

- Author: [চাটিগাঁ থেকে বাহার](https://sonelablog.com/author/bahar2007/)
- Published: 2016-09-11T13:12:06+00:00
- Updated: 2016-09-11T13:12:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

স্মৃতিময় বৃষ্টি  
#  
বৃষ্টি তোমাকেই বলছি….  
সেই যে ছোট কালে  
যখন আধো আধো পায়ে হাঁটা শিখছি  
তখন থেকেই তোমার সাথে সখ্যতা ,  
তুমি ছিলে আমার বান্ধবী  
উঠোনের কাদায় কত মাখামাখি  
কত যে খেয়েছি মায়ের মার  
কত যে ভোগেছি গায়ের জ্বরে।  
তুফানের পরে কুড়ায়েছি আম  
গম ভাজা খেয়েছি আর  
খেলেছি যদু-মদু-রাম-শাম।

সোনাছড়ি খালের চরে বত্তনি ভিটায়  
বৃষ্টিতে ভিজে খেলেছি ফুটবল  
অঝোর বৃষ্টিতে পুকুরের মাঝে কেটেছি সাঁতার  
ডুব দিয়ে শুনেছি রিমঝিম তবলার সুর।  
মাঝ পুকুরে শাহাদাত আঙ্গুল তুলে বলতাম  
এটা কি? মরিচ, এক ডুবে ধরিছ !

বন্যার পানিতে ডলু নদী আর সোনাছড়ি খাল  
পাড় ভেঙ্গে গর্জাতে গর্জাতে হামলে পড়ত পানি  
চুলার দুয়ারে চিকনা সাপটি আশ্রয় খুঁজত  
নলকূপ যেত ডুবে ।

বড় রাস্তায় কাঠের সাঁকো ভেঙ্গে যখন  
ভেসে যেত তক্তাগুলো  
রাক্ষুসী স্রোতের মাঝে ঝাঁপিয়ে পড়ে  
তক্তাকে বানাতাম চলন্ত ভেলা,  
ভেসে ভেসে চড়তাম আর করতাম খেলা।

আহা, দুরন্ত সেই কিশোরটি আজ  
হয়েছে কিশোরের বাপ  
স্মৃতিগুলো মন থেকে যায় না করা ছাপ।

বৃষ্টি, তুমি আজো আছ সেই আগের মতই  
উঠোন করো কাদাময়,  
খালের দু’কোল মাড়িয়ে হানা দাও লোকালয়ে,  
আমিতো পারিনা আর ভিজতে  
বন্যার পানিতে সাঁতার কাটতে  
খালের চরে ফুটবল খেলতে  
কাদাময় উঠোনে হামাগুড়ি দিতে  
পুকুরে সাঁতার কেটে চোঁখ লাল করতে।

যদিও আমার সময় অন্তিম  
তোমার যৌবন এখনও রক্তিম  
বিধাতার বিধানে হেরফের হবে না তা জানি  
আমাকে যতটুকু দিয়েছেন ঠিক ততটুকুই আমি জ্ঞানি।  
.  
করতে পারিনি আমি রবের আনুগত্য  
যদিও ছিলাম সদা সৃষ্টিকর্তার ভৃত্য।  
কেমনে যে চাই ক্ষমা মালিকের তরে  
লজ্জ্বায় মরি আমি ভিতরে অন্তরে।  
রহমানুর রহিম তুমি দয়ার আধাঁর  
শেষ দিনে তুমি ছাড়া কে করিবে পাড় ….

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
