# স্বৈরতান্ত্রিক অক্ষমতা

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-01T16:49:33+00:00
- Updated: 2013-10-01T16:49:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be/

---

নিঃশব্দে আমার হৃদয় অতলে  
ঝড় উঠে … তুমি , তোমরা জানো না  
আমি ও স্বপ্ন আঁকি , নির্ঘুম চোখে  
ঘৃণা আর পরাজয় নিয়ে …

জন্মভুমির কলঙ্কে আমিও আত্মহত্যা  
করি প্রতিদিন … তুমি , তোমরা জানো না

পত্রিকার হেডলাইন পরে হতাশা জমা  
দেই ৪৪ বছরের দেশমাতার আর্কাইভে …

সেনোরিতার ভিনদ্যাশি ছলনায়  
আমিও পান করি যাবৎজীবন অন্ধকার  
তবুও ফিরে ফিরে আসি জীবনের  
প্রতি নিকোটিন দীনতা নিয়ে  
এক লহমায় মুছে যাওয়া সূর্যের প্রবঞ্চনায় ।

ফুটপাথে বেওয়ারিশ জীবনধারা দেখে  
চাঁদের আলোকে আমার ফুটা মশারী মনে হয় ।  
কুকুরের সাথে ও তুলনা চলে  
কুকুর হতাশ দৃষ্টিতে খাবার খুঁজে ডাস্টবিনে  
আর অভাগা গণতন্ত্র নিকুচিমুখে  
বারিধারার নিয়মের মত সুশিল পতিতাপল্লির  
রেডসীল মারা মেনে নেয়  
বুদ্ধি-বেশ্যারা ঘণ্টা হিসেবে লজ্জাস্থান  
বস্ত্রের উপরে নিয়ে নাড়াচাড়া করেন ।

জননীর হতাশ চাহনি দেখে  
আমার বুকেও কারবালা হয়  
ফোরাত নদী আমার হৃদয়ে  
তৃষ্ণার্ত ক্ষুধা নিয়ে জানতে চায়  
আর কত দিন সূর্যের কক্ষপথ  
পৃথিবী বিচরণ করে এলে –

একটা দরাজ গলা পাবো ?  
একজন প্রেমান্ধ সেনোরিতা পাবো ?  
একটা নাজিফাময় হাসি পাবো ? – বিফলে মূল্যফেরত শর্তে  
অথবা সবুজের গুদাম ভর্তি সংবিধান ?

“ সাত – কোটি সন্তানের হে মুগ্ধ জননী  
– রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি ” পড়ে  
আমিও শিহরিত হই …

কতো শতাব্দী ঘুরে এলে , আরেকজন বিভুতিভূষণ  
পথের পাঁচালি লিখবে ?  
বাংলার বৈরাগী বৃক্ষের পাতায় – শিরায় –  
সচ্ছলতায় গল্প ফাঁদবে ?

মাঝরাতে রাস্তাগুলোকে আমারও নদী মনে হয়  
আমিও বলি তখন “ রাষ্ট্র মানে লেফট রাইট , লেফট রাইট ”

আমিও উপমা ধার করি … জঙ্গল থেকে  
প্রেমিকাদের দীর্ঘতালিকা লিখব বলে …

অক্ষমতায় … আবারো আর্কাইভে দুঃখ জমা দেই  
জন্মভুমির এতো বছরের গড়া আর্কাইভে  
আমি নিয়মিত গ্রাহক- ভোক্তা

আমিও চাই ,মাকসুদের মত একটা সংবিধান  
“প্রাপ্ত বয়স্কদের জন্য নিষিদ্ধ ” শিরোনামে ।

স্বৈরতান্ত্রিক অক্ষমতা  
প্রিন্স মাহমুদ ।

একসময় খুব ভেবে চিনতে কিছু লেখা লিখেছিলাম , এটা তার একটি , আমার মনে হয় অনেকের পড়লে ভাল লাগবে , তাই পোস্ট দিলাম , সবাই ভাল থাকবেন ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be/#comments
