# স্বিকারোক্তি –

- Author: [বন্দনা কবীর](https://sonelablog.com/author/bondona/)
- Published: 2014-02-11T13:56:43+00:00
- Updated: 2014-02-11T15:18:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

---

শুনেছিলাম সে আমায় ভালোবাসতো  
সকাল বিকেল দুইবেলা বাড়ির পাশে ঘুরঘুর করতো  
আমায় এক নজর দেখবার আশায়, পাত্তা দেইনি । এরকম রোমিও আরো  
শতটা ঘোরে । নতুন করে কে পথ চাইলো কি পথে পড়ে রইলো  
তার খবর নিতে আমার বয়েই গেছে, পথ তো আর আটকাচ্ছে না কেউ ।  
ছিলাম বেশ, নিরস- নির্বিকার, হৃদয়হীন, বাড়ি থেকে বের হই ফিরি, পথের বাঁকে সে দাঁড়িয়ে থাকে  
ভিখিরির মত । দেখি । অবজ্ঞায় তার দিকে ভালো করে চাই’ও না । বরং হাতে একটা থাল টাল থাকলে  
দুটো পয়সা ফেলতে পারতাম, ভাবি । ভারি অহংকারে গ্রিবা আরো  দুই ইঞ্চি উপরে উঠে যায়  তাকে দেখতে পেলে ।  
মাঝে মাঝে এটা ওটা পড়ে থাকে বাড়ির বন্ধ দরজার সামনে রঙ্গিন কাগজে মুড়ে ,  
ছোট ছোট মাটির পুতুল, জরি চুমকি জড়ানো কাঁঠের ঘোড়া-হাতি, কাগজ মন্ডে তৈরী ছোট্ট নোট বুক;  
তুলে তুলে রেখে দিতাম ঠিকই নিশ্চুপ, ফেলিনি কিছুই তার । কেউ ভালবেসে দেয়’ এই সুখ  
মনে মনে ।  পলাশ আমার প্রিয়’ কি করে জেনেছিল কে জানে?  
তবে খুব চমকেছিলাম সেবার । ভোর ভোর বাইরে বেরোবার মুখে দোর খুলে প্রায় পাড়াই দিয়ে  
ফেলেছিলাম খবরের কাগজের পেট মোটা খিলিটাকে । হাঁটু মুড়ে বসে খিলিটা তুলে নিয়ে খুলতেই অবশ আমি ।  
কমলা কমলা লাল ফুলের থোকাটাকে জ্যান্ত কলিজার মতন লাগছিল হঠাৎ । জীনবের মত দামি  
সে উপহার পেয়ে নির্বাক,  কতক্ষন বসে ছিলাম জানিনে , হুশ ফিরতেই  
ছুটে গেলাম গলির মুখে । নেই !  
অহংকারি হৃদয়হীনাকে আস্ত এক হৃদয় উপহার দিয়ে সে  
পথ থেকে সরে গেছে  ।

অনেকেই জানতো আমায় সে ভালোবাসতো,  
আমিও যে বেসেছিলাম অগাধ, এটা তার  
জানা হলনা এটাই যাতনার ।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/#comments
