# স্বাধীনতা আজো ভূলুণ্ঠিত

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-12-16T16:45:36+00:00
- Updated: 2021-12-16T16:45:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4/

---

হায়েনার দলেরা আজো উল্লাসে মাতে লাখো মায়ের বস্ত্র-হরণে,

আজো প্রতিবাদে ভাইয়ের শব রাস্তায় পরে রয়;

সিঁথির সিঁদুরে ধর্ষণের হোরিখেলা চলছে হরদম।

অনাহারে, অর্ধাহারে দুগ্ধশিশু ডুকরে কাঁদে উঠোন জুড়ে;

বাক-স্বাধীনতা আজো ভূলুণ্ঠিত হয় ক্ষমতার করাল গ্রাসে।

পথে-প্রান্তরে দুর্গন্ধ আছড়ে পড়ে বেওয়ারিশ লাশের,

পিতার বুকে সন্তান হারানোর আর্তনাদ আজো দৃশ্যমান;

সখিনা, জাহানারারা আজো স্বামী হারিয়ে চোখের জলে বাঁচে।

খরস্রোতা জলে রক্তের ধারা আজো সমান্তরালে বহমান;

বাতাসের বুক চিরে গগনবিদারী চিৎকার কর্ণগহ্বরে বিঁধে,

তবুও থামেনা অসুরের অট্টহাসির ধারাপাত।

কবে আসবে সে-ই বিজয়? কবে আসবে পরাধীনতার শিকল ছেঁড়া পাল?

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4/#comments
