# স্বপ্ন-পরীদের দেশে (৬)

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-06-28
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/

হীরে-মুক্তোর ঝিলিক, জোনাকির গড়ানো আলোতে,  
ধানসিঁড়িকে বয়ে যেতে দেখি ঘ্রাণ-ফুলের ব্যাপক সম্ভারে,  
হাজির গুচ্ছ গুচ্ছ গোলাপি-গোলাপ।  
সোনা-ছোঁয়া দিনের শুরুতে দারুণ এক অভাবিত উদ্ভাস  
রূপসীর দুরুহতম বাঁকে-বাঁকে,  
মধুগন্ধী তিলোত্তমা এবার মাধবীর বেশে;

ছুঁয়ে যাওয়া এই রঙিন মনোরম সুন্দরের স্থির স্রোতের  
গা-ঘেঁসে দাঁড়িয়ে আছি এই জলসিঁড়িতে।

ব্যাধিগ্রস্ত কিলবিল শুঁয়োপোকাদের মরণ চিৎকার শুনে-টুনে-ও  
রূপসী নদীটি বয়ে যায়, একরাশ অবজ্ঞা ছুঁড়ে।

এই মায়াবী সুবেহ-সাদেকে আষাঢ় বৃষ্টির কেকা-ধ্বনি নয়  
কুহুতান ভেসে আসে হৃদয়ে স্বপ্ন-বীণার তান তুলে,  
ধানসিঁড়ির স্ফটিক জল বয়ে যায় দূর-নিরুদ্দেশে  
অবিনাশী-স্বপ্ন-পরীদের দেশে।
