# স্বতঃস্ফূর্ত অবহেলা

Author: কান্ত রায়
Published: 2021-04-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

কাহারও কানের লতিতে জায়গা কিনেছি—দুই ক্রান্তি।  
স্থানীয় পরিহাস,ওই জায়গা আত্মসাৎ কোরে গড়ে তুলে— বেআইনী লালসার কামড়!  
কথা ছিলো—এখানেই বাজবে, সর্বাতীত-ধ্রুব দহনের মাতম;  
কথা ছিলো—এখানেই সাজবে, বিটপী-স্বর্ণ আমার কবর!  
আবার;তাহারে পড়তে গেলেই— বানানে অগুনতি ভুল হয়!  
এটা কি নাশকতা-না দূর্ঘটনা?  
তামাক ফোঁকার মতোন,  
যাহার প্রতিটি দম’ই য্যানো— জীবন থেকে নেওয়া শ্যাষ দম!  
তোষামোদের গায়ে হোঁচট খেয়ে—নখ উল্টে গেলে—মুদ্রাদোষে দুষ্ট হয় সামরিক অনুশাসন।  
লাল টকটকে ব্যাকুলতা গরম কোরে;তাতে হাতুড়ি পিটিয়ে—  
তৈয়ার কোরা যেতে পারতো, দুর্ধর্ষ মারণাস্ত্র কিংবা যাবতীয় অনুসন্ধি!  
অথবা আমার চোখের কর্ণিয়া প্রতিস্থাপনে,দ্যাখে নেওয়া যেতো;  
তাহার দ্যাশের পোস্টালকোড ছিলো—স্বতঃস্ফূর্ত অবহেলা।
