# সোনেলা- ভালোবাসার একচিলতে আকাশ

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2021-01-30T15:56:17+00:00
- Updated: 2021-01-30T18:44:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a4/

---

যদি ভালোবাসাকে পাল্লায় মাপা যেতো তাহলে হতাশাবাদীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম সোনেলার সোনালি ইতিহাসের গভীরতা। সোনেলার মাঠে ফসল বপনকারী সকলের হাত থেকে একমুষ্টি করে আবেগ সে পাল্লায় দিয়ে অনুভব করাতাম এর ভারত্ব। বিবেকের দুয়ারে কড়া নাড়িয়ে তাদের দেখাতাম সোনেলার সতত ডায়েরির পাতায় লেখা বরেণ্য’র জয়গান। শব্দের ঝংকারে কালের অতীত, বর্তমান আর ভবিতব্য বাণী’র কথামালায় সাজানো ফুলদানির ফুলগুলো যেখানে চিরসতেজ অমলিন। সোনেলা জেগে থাকে অন্তরে, বাঁধা দেয় অনৈতিকতার অন্ধকারে নিমজ্জিত থাকতে।

আমরা যা দেখি-শুনি-বুঝি তাই ই প্রকাশ করি সোনেলায়। কিন্তু একবারও কি ভাবি আমাদের প্রকাশিত লেখাগুলোর লালনে, যত্ন-আত্মির যুগোপযোগী ধারায় যারা দিনরাত এক করে নীরবে নিজেদের কাজ করে যাচ্ছে তাদের কথা? আচ্ছা! কখনো কি মনে হয় সকালে ঘুম থেকে উঠে সোনেলায় চোখ মেলে যদি দেখি আমার লেখাটি আর নেই! বা এমন যদি দেখতাম মন্তব্যের ঘরে প্রকাশিত শব্দগুলিতে ঘৃণাযুক্ত বিষাদের নীল অক্ষর শোভা পাচ্ছে কেমন লাগতো তখন?

এসব আমরা দেখতে পাইনা আর তাই অনুভবও কর‍তে পারিনা। এর কারন, আমাদের মনোবেদনার কারন হতে পারে বলে দেখার আগেই সেই শব্দগুলিকে মুছে দেয়া হয়। আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই সোনেলা আমাদের সন্তানসম লেখাগুলোকে আগলে রাখে পরম যত্নে। সোনেলার নামের পাশে সবুজবাতি জ্বলেনা কারন সোনেলা নিজের প্রচারে বিশ্বাসী নয়। অযাচিত বিড়ম্বনাকে পাশ কাটিয়ে সোনেলা তার উঠোনকে রেখেছে ঝকঝকে তকতকে যাতে আমরা এখানে বিচরণ করতে পারি স্বাচ্ছন্দ্যে। সেই সোনেলাকে ভুলে গিয়ে আপনারা কি করে ভালো আছেন?

আমরা অনেকেই সোনেলায় লেখা দিয়েই চলে যাই, ইচ্ছে হলে এলাম আর গেলাম। আবার লেখায় মন্তব্য না এলেও মন খারাপ করি। পঞ্চাশ, একশত, দুইশততম পোস্টের শুভেচ্ছা না জানালে সোনেলাকে ছেড়ে যাবার কথা বলতে মোটেও পিছপা হই না। একমূহুর্তেও ভাবিনা, যেখানে মায়ের অনেক সন্তানের বিচরণ সেখানে সবদিকে সমান খেয়ালে বেখেয়ালে এদিক-সেদিক হতেই পারে। কখনো কি জানতে চাই- কেমন আছে প্রিয় সোনেলা আর এর মানুষগুলো? নিজেরাই অন্যদের খবর নেই না, তাহলে আমাদের খবর কেউ নেবে এটা কিভাবে আশা করি? আমরা এমন কেন! যে সোনেলা দিনরাত্রি ছায়াসঙ্গী হয়ে ডাকে আমাদের সেই ডাক অনুভব করতে পারি না।

আমি লেখালিখির যৎসামান্য চেষ্টা করছি এবং সত্যি বলছি এখনো লেখক হবার কোন যোগ্যতাই আমার হয়নি। আর তাই সবসময় চেষ্টা করি সকলের লেখা পড়তে, সেখান থেকে কিছু শিখতে। ফাঁকিবাজি উত্তরে কখনওই বলিনা- আমি সবার লেখাই পড়ি কিন্তু আসলে মন্তব্য করার সময় পাচ্ছিনা। কারন যে লেখা কষ্টকরে পড়বো সেখানে পাঠক হিসেবে লেখককেও তা জানান দেয়াটা কর্তব্য বলে মনে করি।

আমরা লিখি, কিন্তু কি লিখি তা অনেকে নিজেরাও বোধকরি বুঝিনা। সোনেলায় বরেণ্য কবিদের মাঝে আমি আজ পর্যন্ত একটা কবিতাও লিখতে পারলাম না এটা আমার কাছে খুবই আফসোসের বিষয়। বর্তমানে অনেকেই দারুণ সব লেখা লিখছেন। আমি পড়ি আর ভাবি কি করে লেখেন তারা! আমিও চেষ্টা করি কিন্তু মনোমত হয়না যা বেদনারও কারন বটে।

আমার টেবিল পূর্ণ পাণ্ডুলিপি দিয়ে তবুও একটা বই ছাপানোর সাহসে কুলায়না। পাছে পাঠক হাসাহাসি করুক! এই অপমান কিছুতেই সহ্য হবেনা আমার। তাইতো লিখে যাই সোনেলায়। সোনেলার পাঠক আমার লেখায় একটি করে ভুল ধরবেন আর আমি লিখিয়ে হিসেবে একধাপ এগিয়ে যাবো। একদিন একজনের বানান সংশোধনের কথা বলতেই প্রতিউত্তরে তেলেবেগুনে জ্বলে উঠা দেখে ক্ষান্ত দিয়েছি। তার আর কি দোষ! আমরা সবাই বাহবা পছন্দ করি। সন্তানসম লেখার ভুলত্রুটি কেউ ধরবে কত্তবড় সাহস!

> লেখক এবং পাঠক একে অপরের পরিপূরক জানতাম। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নাম ফাটানোর তাগিদে পাঠক গোল্লায় যাক। লেখক সমাজে স্ট্যাটাস সিম্বল অর্জনের তাড়নায় প্রিন্ট মিডিয়ায় নিজের নাম প্রকাশের লক্ষ্যে নিজেই নিজের প্রচারণা চালানো একটা ট্রেন্ড হয়েছে এখন। লিখেই যাচ্ছি আর আমার মুখের দিকে তাকিয়ে কেউ কেউ বলছেন- চমৎকার লিখেছেন ভাই। তা ভাই, কি চমৎকার লিখলাম সেটা যদি বলতেন সত্যি বলছি উপকৃত হতাম।

আজ সোনেলায় নিজের তিনশততম পোষ্ট লিখে পারতপক্ষে আমার খুশি হবার কথা অথচ মন ঠিক তেমন একটা ভালো নেই। আর এ কারনেই এতশত অকথা লিখলাম। সোনেলার যে উঠোনে আমি লেখকদের শব্দ নিয়ে পক্ষ প্রতিপক্ষের মতন একে অন্যের লেখায় প্রতিযোগিতামূলক খেলাধুলার মধুর সমারোহে সামিল হতে দেখেছি ইদানীং তা যেন এক বিরানভূমি! সবজায়গা ঘুরেবেড়িয়ে শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে কেন অনেকেই সোনেলা বিমুখ? ভালোবাসার একচিলতে আকাশে কালোমেঘের ঘনঘটা কিসের তা জানতে চাই।

ভালোবাসলে একে অপরের প্রতি অধিকার জন্মায়। আর সে কারনেই সোনেলা ব্লগে নিবন্ধিত সকল লেখক পক্ষান্তরে পাঠকের কাছে এই জানতে চাওয়াটা আমার অধিকার। ভালো থাকুন সকলেই।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a4/#comments
