# সোনেলার উঠোনে

Author: পাগলা জাঈদ
Published: 2016-10-24
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/

* * *

অবাধ্য অথবা অচেনা পথিকের মত অনেকদিন পর এলাম প্রিয় ব্লগ সোনেলায়। এক সময় গুবরে পোঁকার মত বিভিন্ন ব্লগে নিয়মিত লিখতাম, কালের বিবর্তনে আজকাল আর কোন ব্লগেই যাইনা কিন্তু যখনই কোথাও ‘সোনেলা’ নাম টা দেখি হৃদয় টা কেমন যেন একটা ধাক্কা খায়। যেন বহুকাল বাদে চাতকের চোখে মেঘের ঝিলিক প্রতিফলিত হয়। এই ব্লগের সবার অন্তর ছোঁয়া সখ্যতা বারবার প্রমাণ করে ভার্চুয়াল জগতেও থাকে পারিবারিক মেলবন্ধন যার প্রমাণ সয়ং আমি। এই যে এতকাল পর ফের ফিরে এলাম, সেতো আত্মার টানেই।

আমি সম্ভবত সোনেলার শিশুকালের সদস্য, এক সময় প্রবাস থেকে নিয়মিত সোনেলার ক্যানভাসে এলোমেলো অপটু আঁচড় কাটলেও দেশে ফেরার পর আর আসা হয়নি এ নাগরিক উদ্যানে, কি করে আসবো? স্মার্টফোন ভাঙি কয়দিন পরপর তার ওপর সংসারের চাপ, এবং মাথায় স্বগৌরবে জ্বলজ্বল করে দারিদ্রের মুকুট, তার ওপর আমার টুনি’র ছানা টা স্ট্যান্ডার্ড ফোর এ পড়ে, অর্থ নামক প্রজাপতির পেছনে ছূটতে ছুটতে অন্তরের খোরাক খোঁজার সুযোগ হয়ে ওঠেনি। বছর তিনেক লাগল সংসার নামক অদ্ভুত স্বর্গ এবং নিজেকে গোছাতে, আশা করছি এখন থেকে মিষ্টির দোকানের মাছির মতই নিয়মিত উড়বো সোনেলার আকাশে।

এবার কিছু জরুরী কথা- আমি একটু মুখচোরা এবং পাগলাটে স্বভাবের, ইনবক্সে সাধারণত কথা বলি খুব কম (সুন্দরীদের জন্যে এই নিয়ম শিথিল্যোগ্য :p ) পোস্টে কমেন্ট ও করি খুব কম, তবে ভাল লেখা হলে অবশ্যই কমেন্ট করব এমন কি শেয়ার ও করব। নিজে লিখতে চাই, কলমের জল কাঁদে কিন্তু সত্যিকার পঙতি বাঁধতে পারিনা তাই অন্যরা ভাল কবিতা বা গল্প বা আর কিছু লিখলে তা আমার টাইম লাইনে শেয়ার করতে কখনই কার্পণ্য করি না। ছাইপাশ লিখি অবশ্য, চাইলে পড়তে পারেন, না পড়লেও ক্ষতি নেই, আহামরি কিছু নয় তা, রাস্তার ধারের টঙের চায়ের দোকান বলতে পারেন আমার লেখা কে, সামনে পরে গেলে একটু ঢু মারবেন এক কাপ চায়ের মত লেখায় দু একটা চুমুক দিবেন, মোটামুটি গেলার যোগ্য হলে পুরো চা শেষ করবেন তারপর চলে যাবেন আর কখনো ফিরে না তাকালেও চলে, অবশ্য সামনে পরে গেলে সে কথা আলাদা।

পুরোনো ইউজার রা আমাকে ‘পাগলা জাঈদ’ নামে চিনবেন। সোনেলা তে আমি সামান্য একজন সাধারণ সদস্য হলেও কেন যেন এই উঠোন কে নিজের দোচালা পরিবারের মতই মনে হয়, সম্ভবত সেই শুরু থেকে অনেকগুলো শিশু একসাথে এই উঠোনের ঢেঁকি ধরে দাড়াতে শিখেছিলাম বলেই সম্পর্ক টা আত্মার হয়ে গেছে।

প্রতিটি যৌথ পরিবারেই একটা করে বেয়ারা ছেলে থাকে, বাঁধনহীন বিহঙ্গের মত ক্ষ্যাপা, মানুষ হয়ে হাজার বছর বাঁচতে না চেয়ে যে একদিনের ঘুড়ি হয়ে আকাশ ছুঁতে চায়, দেশ ও মানুষ কে ভালবেসে যে ছেলেটি তার পরিবারের ভারারে রাখা শেষ চালটুকু মাকে লুকিয়ে অন্যকে দিয়ে দেয় অথবা বোকার মত রুখে দাঁড়ায় অন্যায়ের সামনে আমি সেই টাইপের পাগল (আরো কিছু দুর্দান্ত খারাপ দিক আছে যা আমাকে অমানুষ হিসেবে প্রমাণ করে তাই সেগুলো বাদ দিয়ে লিখেছি)

আশা করছি-  
ভাল রাখবেন, ভাল থাকবেন।
