# সোনেলাঃ আনন্দ বেদনার কথা -১ ( আজ আনন্দের কথা )

Author: জিসান শা ইকরাম
Published: 2019-09-15
Category: সোনেলা বার্তা
Tags: সোনেলা ব্লগ, সোনেলার জন্ম, সোনেলার জন্মকালীন চিন্তা ভাবনা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%83-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

যে কোন সৃষ্টিতেই আনন্দ এবং বেদনা থাকে। সন্তান জন্ম দেয়ায় একজন মা যে সীমাহীন কষ্ট সহ্য করেন, এই কষ্টের পরিসমাপ্তি হয় আনন্দের মধ্যে দিয়ে। সন্তান ভূমিষ্ট হবার পরে তার কান্না মাকে কষ্ট ভুলিয়ে দিয়ে আনন্দের এক ভিন্ন আনন্দের জগতে নিয়ে যায়।

নিজেদের লেখার জন্য একটি ব্লগ সৃষ্টি করতেই হবে। এই তাড়নায় প্রথমেই আসে নাম নির্বাচন। অনেক নামের তালিকা করি দিন রাত ভেবে বন্ধু [ছাইরাছ হেলালকে](/author/sairashelal/) নিয়ে। প্রায় এক সপ্তাহ এই নাম নির্বাচনের চেষ্টা চলে। নোট খাতার পাতায় লেখা নামের উপর কাটাকাটি চলতেই থাকে। হঠাৎ যে নামটি লেখাই হয়নি খাতার কাগজে, সে নামটি বলে ফেলেন ছাইরাছ হেলাল- **সোনেলা**। নামটা তো অদ্ভুত সুন্দর, কিন্তু এর অর্থ কি?

ছাইরাছ হেলালের কথায়ঃ  
সোনেলার কোন আভিধানিক অর্থ নেই। সম্পূর্ণটাই উপলব্ধির।  
এক কবি এক ঝক্‌ঝকে দুপুরে বসে আছেন আনমনে। হঠাৎ তিনি সোনালি রোদের সৌন্দর্য বিমোহিত হলেন। নির্মল আকাশ , চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য , এর মাঝে সোনালী ঝক্‌ঝকে রোদ । তিনি এই উজ্জল সোনালী রোদকে তাঁর প্রেমিকা হিসেবেই কল্পনা করলেন , যে তাঁর সমস্ত অস্তিত্বকে এক অপার আলোতে উজ্জল করে দিয়েছে। এই প্রেমিকাকে উনি নাম দিলেন **সোনেলা**।

জীবনানন্দ দাস ছিলেন সেই কবি।  সোনেলা হচ্ছে এক উজ্জল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার। সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে সব সময় – এই আশায় আমরা বেঁচে থাকি।  
নামটা ভালো লেগে গিয়েছিল আমাদের। আর অন্য নামের কথা ভাবিই নি। দুজনের মুখেই তখন এতদিনের দুশ্চিন্তার অবসান। সোনেলাই হবে আমাদের প্রত্যাশিত ব্লগের নাম।

ছাইরাছ হেলাল কবিতাটি পড়েছিলেন কোন এক সময়। কবিতার নাম ভুলে গিয়েছিলেন। কোন ক্রমেই মনে করতে পারছিলেন না কবিতার নামটি। অথচ কবিতার নামটি অত্যন্ত জরুরী ছিল, কেহ যদি জিজ্ঞেস করে বসেন, কবিতার নাম। বলতে না পারলে ইজ্জত নিয়ে টানাটানি বেজে যাবে। খোঁজ চলছিল কোথায় পাই এই কবিতা। কবিতা না পেলেও ব্লগ চালু করে ফেলি সোনেলা নাম দিয়েই। একদিন নিশ্চয়ই পেয়ে যাবো এই আশায় বসে থাকি।

তখন কি জানতাম এই কবিতাটি ব্লগ প্রতিষ্ঠিত হবার প্রায় সাত বছর পরে আমাদের সকলের প্রিয় ব্লগার সাবিনা ইয়াসমিন একজনের ( আসিফ ইকবাল )  প্রশ্নের জবাবে লিখে দিবেন? অনেক অনেক কৃতজ্ঞতা [সাবিনা ইয়াসমিন](/author/sabina-yeasmin/) আপনার প্রতি, কবিতাটি সোনেলার পাঠকদের সামনে নিয়ে আসার জন্য।

![](https://sonelablog.com/wp-content/uploads/2019/09/century-1-1024x768kjhn-1024x768.jpg)  
**জীবনানন্দ দাসের কবিতাটিঃ**

*একদিন — একরাত করেছি প্রেমের সাথে খেলা!*  
*এক রাত — এক দিন করেছি মৃত্যুরে অবহেলা*  
*এক দিন — এক রাত তারপর প্রেম গেছে চলে —*  
*সবাই চলিয়া যায় সকলের যেতে হয় বলে*  
*তাহারও ফুরাল রাত! তাড়াতাড়ি পড়ে গেল বেলা*  
*প্রেমের ও যে! — এক রাত আর এক দিন সাঙ্গ হলে*  
*পশ্চিমের মেঘে আলো এক দিন হয়েছে **সোনেলা!***  
*আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্বলে*  
*এক দিন রয় না কিছুই তবু — সব শেষ হয় —*  
*সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;*  
*এক দিন এক রাত প্রেমেরে পেয়েছি তবু কাছে!*  
*আকাশ চলেছে তার — আগে আগে প্রেম চলিয়াছে!*  
*সকলের ঘুম আছে — ঘুমের মতন মৃত্যু বুকে*  
*সকলের, নক্ষত্রও ঝরে যায় মনের অসুখে*  
*প্রেমের পায়ের শব্দ তবুও আকাশে বেঁচে আছে!*  
*সকল ভুলের মাঝে যায় নাই কেউ ভুলে — চুকে*  
*হে প্রেম তোমারে! — মৃতেরা আবার জাগিয়াছে!*  
*যে ব্যথা মুছিতে এসে পৃথিবীর মানুষের মুখে*  
*আরো ব্যথা —*  
*বিহ্বলতা তুমি এসে দিয়ে গেলে তারে —*  
*ওগো প্রেম, সেই সব ভুলে গিয়ে কে ঘুমাতে পারে!*

\-প্রেম, জীবনানন্দ।  
\==========

#সোনেলার\_জন্মকালীন\_চিন্তাভাবনা- ১
