# সোনালি পেলব হাতছানি

Author: তৌহিদুল ইসলাম
Published: 2021-09-24
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/

সোনেলার অসীম আলোকিত অলংকারে  
কি অপূর্ব বেশে, আসাযাওয়া করে মন-  
চিরসুন্দরের সুরপুরে, প্রলয়ের ভাসান খেলায়।

দশম প্রাচীরের কষ্টবিলাষী আলিঙ্গনে  
রিক্ত সিক্ত নবনীতকোমল পত্রপল্লবে;  
খেলা করে কবি, প্রেমিকার কবিতারা।

সোনালি আলোকছটার অবগাহনে  
কলামঞ্চের কুশীলবরা আজ মিলনে ব্যাকুল!  
সাথে তুমি, আমি, সে…।

একসময় যে-সুন্দর বসেছিলো পাশে  
ক্ষণিকের ক্ষীণ ছদ্মবেশে,  
আলোকিত দীপশিখা রেখেছি জ্বালিয়ে  
অনন্য আদরে; মনপিঞ্জিরার গহীন কোঠরে।

যদি জানতাম চলে যাবে নিমিশে  
বাজিয়ে নূপুর- গাত্রদাহে প্রলয়ের অন্তরালে,  
তবুও ভালো থেকো সোনালি!

এক থেকে শুরু হয়ে শুধু দশ বর্ষে নয়;  
শতবর্শী আসনে আসীন হও-  
সোনেলা তোমার খাতায় আঁকা,  
আমার চিত্রবিচিত্র শব্দগাঁথুনিতে।

শরৎশশী কাশের পেলব মূর্ছনায়  
শুভ্র শেফালির গেরুয়া মাধুর্যে;  
চলো আবার প্রেমাসক্ত হই,  
জ্যোৎস্না-ধবল নিশিকাব্যের লুপ্তচেতন ব্যঞ্জনায়।
