# সে এখন কবি

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2020-10-14
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/

যদিও কথার পরেও কথা থাকে,  
আশ্বিনের অলস দুপুরে  
ভাতঘুমের অবসরেও সুইয়ের ফোঁড়ে বারংবার সেলাই করা যায় গায়ের শীতল কাঁথাটি-ও।  
কার-ই-বা-কি আসে-যায় ;  
নিশুতি রাতের নিকুচি করে রাতের রাত্রিতেই লিখে ফেলা যায় ভান-ভাবনার কথ্য-তথ্য।  
কবি “সে” হবেন-ই!

একান্ত অনুভূতির নাম ভাঙিয়ে,  
ত্যানা পেঁচিয়ে প্যাচানো/ পচাঁনো শব্দ বুলেট গুলো  
ছুড়ে দিবেন পাঠকের চোখে-দাঁতে-মস্তিস্কে,  
নেঁকি কান্নার স্বরে, ছিঁচকাঁদুনে মুখ করে  
আচমকা চিল-চিৎকারে কাঁপিয়ে দিবেন রাতের নির্জনতা,  
কতো-ই না স্বাধ তার  
হবেন “সে” মস্ত কবি, কবিতা সাম্রাজ্য করবেন উদ্ধার ;

আকুল পাঠকের অপেক্ষায় “সে” এখন কই?

অথৈ সাগরের লোনা তীরে  
শিমুল বনের রঙলীলায়  
ঝাউগাছের চিপাচাপায়  
পেত্মী-শাকচুন্নি সমাগত মেলায়?  
শ্যাওড়া বনের শ্মশান ঘাটে  
হরিহরাত্মা ডাইনী-সখীর ডেরায়? নেই!

খুঁজি…খুঁজছি.. ঐইইইইইই-তো  
আকাশে উড়ে  
গাছে চড়ে  
মাটি ঠেলে  
পাতাল ফুঁড়ে  
ছড়ানো-ছিটানো-গড়ানো-উড়ানো  
ঝাঁকবাঁধা শ’সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন কবি!  
গর্জে উঠেছেন কবিতায়.. কবিতা-ও;

\* ইহা একটি অ-কবিতা। কারো সাথে মিলে গেলে মিলিয়ে নিন 🙂
