# সেকেলে

Author: এস.জেড বাবু
Published: 2019-11-24
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-2/

তুমি শিরোনাম দেখে দেখেই-  
তাৎপর্য খুঁজ গল্পের ,  
আর আমি !  
পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে,  
যথার্থতা মেলাই নামের ।

তুমি ততটা জেনেই খুশি-  
যতটা মলাটে আঁকা ,  
আর আমি !  
নিরন্তর খুঁজে হয়রান-  
যে কথা, পৃষ্ঠার গহীনে রাখা ।

তুমি তো মূল্য দেখেই আজও-  
পছন্দ করো ড্রেস ,  
আর আমি !  
পোষাক পছন্দ হলেই,  
দাম দেখি শেষমেশ ।

তোমার রুচির পরিচয় মেলে-  
পণ্যের রংচটা মোড়ক হলে ,  
আর আমি !  
স্বাধটা নিয়ে ভাবি-  
আমি যে, খানিকটা সেকেলে ॥

তুমিতো তাঁরার রাজ্যের রানী  
তোমার স্বপ্নের উপন্যাসে ,  
আর আমি !  
আমিতো শূন্যতায় ঘুড়ি উড়াই  
জমানো বুকভরা নি:শ্বাসে ।

তোমায় বস্তা ভরেই দিলাম-  
আমার আস্ত প্রেমের গল্প ,  
আর তুমি !  
একটুখানি সময় পেলে-  
চেটে দেখো অল্প স্বল্প ॥

\-০-  
০৪/০৯/২০১৯
