# সেই মেয়েটি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-07-13T18:00:13+00:00
- Updated: 2020-08-01T09:22:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/

---

শিশুকালে মেয়েটি পুতুল খেলতে, সাজাতে খুব ভালোবাসতো;  
গাছে-গাছে , শাখায় -শাখায় পুষ্পরঙে মন উচাটন  
হয়ে যেতো –  
নরম পাপড়িতে স্পর্শের আকুলতায় অধীর আগ্রহে বন-বাদাড়ে ছুটে যেতো।  
রঙ-বেরঙের পাখির ডানায় উড়বার অভিলাষে মাঠ-ঘাটে চঞ্চলতা দ্বিগুন হতো;  
রংধনুর রঙে-বর্ণে নিজেকে সাজাতে-ভাবতে কত শত আঁকিবুঁকি চলতো।

কৈশোরে মেয়েটির দু’বেনীতে লাল-হলদে ফিতায় প্রজাপতি বাসা বাঁধতো ;  
অধরঞ্জনীতে ঠোঁট রাঙাতো , কাজলের কালোতে চোখ নজরবন্দি থাকতো।  
আলতা-রাঙ্গা পা’দুখানি, ঠোঁটের মিষ্টি-বাঁকা হাসিতে রক্তিম-আভা ছড়াতো;  
ধীরে ধীরে বেড়ে উঠলো- কৈশোর পেরিয়ে ষোড়শী পূর্ণ দেহে যৌবন হাসতো।  
লতানো যৌবনটা শূণ্যতা অনুভব করে অহর্নিশি পুরুষালি আশ্রয় খুঁজতো;  
দূর্বার আকর্ষণে চঞ্চলা আঁখিতে একদা এক রাজপুত্রেরছবি ভাসতো।  
হৃদয়ের আঙিনায় প্রকৃতির ষড় ঋতু অষ্টপ্রহর আসা-যাওয়া করতো;  
অকস্মাৎ দূর গাঁয়ের এক মেয়ে রাজপুত্রের হাতে হাত  
রেখে হেসেখেলে বেড়াতো।  
তাই দেখে নীরবে-নিভৃতে মেয়েটি অশ্রুজলের প্লাবনে  
কেঁদেই ভাসতো;

অব্যক্ত ভালোলাগা, চাওয়া-পাওয়া নিমেষেই চাপা পড়লো, হলো বেদনাহত।  
বুকের চাওয়া পাওয়া গুলো যাতনা-বেদনার নীলে ক্ষয়ে  
ক্ষয়ে হারিয়ে যেতো;  
আলতা-রাঙ্গা পা দু’খানি হলো ধূসর, ঠোঁটের মিষ্টি হাসি  
বোবা-কান্নায় বিবর্তিত।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/#comments
