# সূর্যাস্তকালে মেটামর্ফিক আনন্দ

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2018-07-06T02:47:41+00:00
- Updated: 2018-07-06T02:47:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ab%e0%a6%bf/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2018/07/1.jpg)

****সূর্যাস্ত…****

একদিন হঠাৎ করে চলে আসবো পশরা নিয়ে তোমার নগরে,  
ঘুমন্ত শহরের ঘুম ভাঙ্গিয়ে দিতে, হাঁক দেবো “এই যে ওঠো, আমি এসেছি।”  
যেভাবে সাগর অন্ধের মতো পথ তৈরী করে নিয়ে শহর-নগর পত্তন করে,  
আমিও তৈরী করবো নোতুন বাজার।  
যেখানে সানন্দচিত্তে ফেরিওয়ালারা বিক্রী হবে পাইকারী ক্রেতা হিসেবে—  
ভোরবেলা দরোজায় কোনো শব্দ পেলে,  
বুঝে নিও হাজির হয়ে গেছি আমি সেই ফেরিওয়ালাদেরই একজন;  
যার কাছে অদরকারী সব আছে, কেবল বিলাসিতা নেই।

খোলা আকাশের নিচে সবুজ ঘাস, বন্যা-জলোচ্ছ্বাসহীন নদী-সমুদ্র, ধ্বংসযজ্ঞহীন বিশ্বায়ন, স্বাধীনভাবে শঙ্কাহীনচিত্তে ডানা মেলে দেয়া পাখী, উদারতাসমৃদ্ধ মানবতা, ধর্মহীন রাজনীতি ইত্যাদি অনেক কিছু চাইলেই পাওয়া যাবে।  
এ বাজারে নঞর্থক কোনো জিনিস কোনোকিছুর বিনিময়েই পাবেনা কেউ—

ভয় নেই,  
চিন্তা করোনা,  
আমি হত্যা করে এসেছি সমস্ত দুঃখ, যন্ত্রণা, পরাজয়, কষ্ট, কান্না, ব্যথা, হাহাকার;  
শুধু তোমার জন্য।  
তোমাকে যেনো কিছুতেই স্পর্শ করতে না পারে ওসব;

ওদিকে দু:খ ভাইরাসের এন্টিসেপটিক ইঞ্জেকশন খুঁজছে যখন সবাই—  
তখন সূর্যাস্তের কালে আমি বিনামূল্যে ফেরি করে বেড়াই এন্টিভাইরাস হাসি আর  
মেটামর্ফিক আনন্দ  
সেও শুধু তুমি ফেরি করতে বলেছো বলে, তাই;  
তুমি জানোনা, বিনামূল্যে উদারতা তুমি-ই শিখিয়েছিলে আমাকে  
তোমারই অজান্তে  
যদিও তোমার ব্যাপারে আমি আজও স্বার্থপরই থেকে গেলাম।

হ্যামিল্টন, কানাডা  
১৪ নভেম্বর, ২০১৭ ইং।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ab%e0%a6%bf/#comments
