# সুস্বাগত হে কুবি প্রবর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-11-02T08:54:20+00:00
- Updated: 2018-11-02T08:54:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0/

---

আকালের অকালে শীত-নিদ্রা শেষে  
কুবি এসেছেন, গরম-গোছল সেরে;

ভাবখানা এমন  
ফাটিয়ে ফেলবেন,ফাটবেন-ও, দিগ্বিদিক,  
সাই-সাই করে শন-শন গতিতে,  
মূলে কিচ্ছু না, ফাকা-ফাকি আওয়াজ মাত্র  
দেখিয়েছেন ঢের এমন ঢং আগেও।

হামবড়া ভাব নিয়ে বিলোল উষ্ণতায়  
চকচকা টাকে্র ঝিলিক ছুটিয়ে, বর্ধিষ্ণু মেদ-ভূরিতে  
হাত বুলিয়ে ফাঁদবেন মহা কোন অলিক আজগুবি গপ্পো  
অচল/অসার,  
ফেঁদেছেন আগেও গোট-গোটা এমন কয়েক,  
মূলে কিন্তু কিচ্ছুটি না।

ঘোষণা দিয়ে ছিলেন উঁচু-মোটা-গলায় মোটা-রগ ফুলিয়ে  
এখন-ও দেন অপেক্ষাকৃত ক্ষীণ সুরে, কুবি তিনি হবেন-ই;  
তা হয়েছেন বটে (……সুখ মনে মনে, কাঁথা রাখেন বগলে),  
বেঢপ আকৃতির তাতো দেখতেই পাচ্ছি।

এমন ও হতে পারে বাড়াতে চান না কাকদের কষ্ট এই কালে!  
তাই ক্ষীণ কণ্ঠে আওয়াজ তুলছেন, ‘পেজেন ছার’ (প্রেজেন্ট স্যার)।

রুদ্ধশ্বাস-রুক্ষশ্বাসে অপেক্ষার প্রহর শেষে ভাবছি,  
কখন কুবি সাহেব ফিকে দেবেন থান ইট সম ভারি  
একখানি অ-ঝানু-কুসুম-কোমল-অমূল্য কোবতে,  
নিজ চাঁদি সামলে,  
যার মুলো দেখে নিজেই নিজের পানে হাঁটছেন  
অনাদি কাল থেকে, অনেক কাল ধরে।

ফিকে দেয়া ইট-কোবতে বুকে ধারণ করে  
টুকরো গুলো ছড়িয়ে দেব নিজেদের মাঝে,  
পেলব শরীরে কোবতের পরশে, সোনেলার  
সবাই কা কা ধ্বনি তুলে, কা কা ধ্বনিতে  
কাক মিছিল-ছিজিলে সরবে সরব হবে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0/#comments
