# সুবেশ ফুলেরা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-01T18:01:12+00:00
- Updated: 2020-05-02T17:42:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

---

 

কুহক-বিদ্যার ঔৎসুক্য থেকে  
দূর কিংবা কাছ থেকে আস্ফালন দেখেছি/শুনেছি  
স্থিরত্বের বিপরীতে, আটকে গেছি/থেকেছি অনাদিকাল।

সবুজ ঘাসের ডগায় জ্বলজ্বলে শিশির বিন্দু  
তারাদের একান্ত রাতাকাশে ঝিকিমিকি  
একান্তে দাঁড়িয়ে থির চোখে দেখেছি,  
পড়শি এই মহাশূন্যের হিরকদ্যুতি  
নিঃসঙ্গের শূন্যতায় দূর থেকেই দেখেছি;  
উত্তাপ অনুভবের হৃদয়ে ছুঁতে পারিনি;

পরিপূর্ণ স্বপ্ন-মৌচাক শুকিয়ে গেছে,  
ঘুম ভাঙ্গা টান টান চোখে শুধুই ছায়াদের বসবাস,  
ফুলের সৌরভ খুঁজি আঁজলা ভরে,  
শুধুই ঝাঁক-ঝাঁক ঝুলন্ত বিসর্গ অনুভবের অনুরণনে।

ভ্রাম্যমাণ সময়-স্রোতের ভেদ-রেখায় শুধুই  
উজ্জ্বল-উচ্ছল রৌদ্র-ঘ্রাণ খুঁজি,  
এই অসময়ের সকাল কুয়াশায়, যখন ঝাপসা  
হয়ে আছে সুবেশ ফুলেরা।

ছবি……নেট থেকে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/#comments
