# সাধ থেকে যায় অসাধ্যে

Author: ছাইরাছ হেলাল
Published: 2017-02-21
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/

এত্তেলা পাঠালেন, জরুরী-ই মনে করি,  
ভয় পাব-কী পাব –না, ভেবেই মরি!!  
পালিয়ে থাকাই উচিৎ-কাজ, তাও ভাবি,  
সে-যে, অকস্মাৎ এক-কালে ভেসে যাওয়া সোনারতরী!

না, কোন গুহাযুগের-গুহাবাসীর গল্প-সল্প নয়  
নয় কোন এস্কিমো আবাসে জেগে ওঠার কম্প-কল্প!  
নয় কোন অযুত-নিযুতের পরণ-কথা;

এই- তো সেদিন, গতকাল বা পরশু,  
বা একটু আগে, এক্ষুণি-তো  
আকাশীজ্যোৎস্নায় চাঁদ-হাসা  
তেপান্তরের মাঠে-মাঠে-মাঠ পেরিয়ে  
বালখিল্যের শিশুহাসি হেসে, কাশবনের লুকোচুরি,  
এই তো এখনও ঘর্মাক্ত দেহভারে কালের হারিয়ে যাওয়া,  
অজস্র ফুলরেনু, হিমশিশিরে ভেজা পেঁজা-পেঁজা শিউলি;

নিরবিচ্ছিন্ন নিরবদমিত-চোখে, রাগবাহুল্যের ঘূর্ণি এড়িয়ে  
চোখেচোখে চোখ-রেখে মেপে নেব কতটা অচেনা থেকে  
চেনায় এলে বা চুড়ান্ত অচেনায় ফেলে দিলে!!  
এই মেলার এ-বিকেলের ভীড়ে!!

কাঁচবাড়ির আঙিনায় অবিরত অনবরত খুঁজি  
হারানো জননী-কোল, তাও  
বালির-কাফন-ঠেলে-ফেলে-উঠে-এসে বলি  
সালাম আম্মাজান, কেমন আছেন;  
মেলার এই আগুন-ফাগুনে?  
(ভয়ে ভয়েই বলি, সানুনয়েই বলি, অনুমতি দিন, সামান্য একটু ছড়িয়ে বসি!!)
