# সাধু-সন্তের বেশে……

Author: ছাইরাছ হেলাল
Published: 2018-08-18
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/

এসেছি বছরান্তে, যেমন আসি ফি বছর, আসবো আবারো  
এমন করেই, আমৃত্যু; সাধু-সন্তের বেশ ধরে ধরে;

একান্তে একান্ত-ই আমার পশু-খামারে,  
হৃষ্ট-পুষ্ট সুবেশী-সুকেশী, চুটধাড়ি চনমনে-রং-দেহের অসংখ্য  
পশু, পশু শাবকও;  
অপুষ্ট-অকাল-পক্ব, হিংস্র, বিশ্রী-রং-গন্ধের, তাও ঢের আছে এই এখানেই,

পুরুষ্টু ঠোঁটে হাত মাখি সযত্নে দাঁত দেখার ছলে,  
দলিত-মথিত হয় উঁচু-নিচু ঢিবি গুলো হাত-সুখে, পরীক্ষার ছলে  
হিলহিল করে হাত চলে সারা-গা-জুড়ে;

অটুট-পশুত্বে ভাবি,  
এতো এতো পশু!! সবই আমার!!

আদিম উল্লাসে সযত্ন চাপাচাপি-টেপাটেপি শেষে নিয়ে যাই  
একখানি উষ্ট্র!!

দুপুরের আগেই পোড়া মাংসের কড়া গন্ধ বুক ভরে টেনে নিতে নিতে  
ঝলসানো মাংসে কামড় বসাই, চটপটে সাহসী মনে,

নিশ্চয়ই নিশ্চিত,  
আগামী-বার কিছু একটা কোরবানি দিয়েই ফেলব!  
যেমন দিলাম এবারে,অন্যান্য বারের মত;

\=======================================================

উল্লেখ্য………  
পশুটি নিয়ে আসার সময় তাজা-ফুল-মালা,  
নক্সাদার চাদরাবৃত ও ঢোল শোহরতের  
(অধুনার ব্যান্ড পার্টি) প্রাচুর্য ছিল।
