# সাইবার বুলিং ও বডি শেমিং

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-07-08T18:00:03+00:00
- Updated: 2021-07-13T08:37:16+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82/

---

শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেয়, সঠিক পথ প্রদর্শক, ন্যায়/অন্যায় শেখায় তাদের থেকে কি শিক্ষা পেল সামিন?

আজ আর নির্দিষ্ট করে বলা যাবে না কে আমাদের সঠিক পথ প্রদর্শক!! আচ্ছা আমরা কি অসভ্য , ইতরের জাতিতে পরিণত হয়ে গেছি? সোস্যাল মিডিয়ার কল্যাণে সামাজিক হবার পরিবর্তে অসামাজিক, সাম্প্রদায়িক হয়ে পড়েছি। ফেসবুকে যত ধরনের সংবাদ প্রকাশিত হোক না কেন তার মন্তব্যের ঘরে গেলে নিজেকে ধিক্কার জানাই -কেন আমি এখানে এলাম সেইজন্য। সবাই যেন এখানে একেকজন বিশেষজ্ঞ, ধার্মিক, পরকালের জজ সাব। এসব মন্তব্যে আবালবৃদ্ধবনিতা সবাই একাকার; কেউ কারো চেয়ে কম নয়। মন্তব্যকারী বাদে আর সবাই নষ্ট, খারাপ, নরকের বাসিন্দা। অথচ এখানে সুস্থ, সুন্দর একটা প্লাটফর্ম হবার কথা সামাজিক বন্ধনের। সোস্যাল মিডিয়া কি শুধু গালিগালাজ এর জন্য , সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ? আর কত প্রাণ গেলে এসবের অপব্যবহার বন্ধ হবে?

 

বডি শেমিং আগেও ছিল, এখনো আছে । সংজ্ঞা অনুযায়ী আপনি যদি কারও দেহের আকার, আয়তন বা ওজন নিয়ে প্রকাশ্যে এমন কোনো সমালোচনা বা মন্তব্য করেন যাতে সেই মানুষটি লজ্জাবোধ করেন বা অপমানিত হন, তবে তা বডি শেমিং। সৃষ্টিকর্তার সৃষ্টিকে যারা কটাক্ষ করে, উঠতে-বসতে কথা শোনায় তাদের জন্য সত্যিই ঘৃণা ছাড়া আর কিছুই দেবার নেই। শিশু ও নারীরা এর শিকার হচ্ছে সবচেয়ে বেশি। নতুন করে যুক্ত হয়েছে সোস্যাল মিডিয়ার বুলিং। বাংলাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশ সাইবার বুলিংয়ের শিকার। তথ্য বলছে দেশের ৪৯ শতাংশ স্কুলপড়ুয়া শিক্ষার্থী সাইবার বুলিংয়ের নিয়মিত শিকার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাব মতে, দেশের তিন-চতুর্থাংশ নারীই সাইবার বুলিংয়ের শিকার।

 

তবে এ বিষয়টি অপ্রকাশিতই থেকে যায়। মাত্র ২৬ শতাংশ অনলাইনে নির্যাতনের বিষয়টি প্রকাশ করে অভিযোগ দায়ের করেন। বাকিরা ভয়ে থাকেন অভিযোগ করলেই তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হবে। সাইবার বুলিং ছাড়াও মোবাইল ফোন বা ই-মেইলেও এ ধরনের নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে। এসবের ফলে নারীদের মধ্যে প্রচণ্ড হতাশা, পড়াশোনায় অমনোযোগিতা, অনিদ্রা ইত্যাদি নানা সমস্যার সৃষ্টি হয়। এমনকি আত্মহননের ঘটনাও ঘটতে পারে।

 

ভালো কাজ করলে ও তাকে কটাক্ষ করে কথা বলবে। যেমন আমাদের ক্যাপ্টেন, এমপি মাশরাফি। তিনি অনেক অনেক ভালো কাজ করছেন যা আমাদের দেশের নেতাদের সার্বজনীন চরিত্রের সঙ্গে যায় না তবুও তিনি অসভ্য, ইতরদের বুলিং এর শিকার প্রতিনিয়ত হচ্ছে ।আর মিডিয়ার লোকরা তো সবচেয়ে নিকৃষ্ট এদের কাছে। অথচ দেশে যত ডিভোর্স হচ্ছে, অন্যায়, অপকর্ম হচ্ছে তার বেশীরভাগই মিডিয়ার বাইরের লোকজনের দ্বারা সংঘটিত হচ্ছে। তবুও একমাত্র মুসলিম ধর্মাবলম্বী (মিডিয়ার লোকজন ছাড়া) বাদে আর সবাই নরকে যাবে এটা তারাই ঠিক করে দিচ্ছেন।

 

একজন মানুষ মরে গেলে তার জন্য কষ্ট না পেয়ে তার বিচার করতে বসে যান। এখানে সবার চারিত্রিক সার্টিফিকেট দেয়া হয়, স্বর্গ/নরকের টিকিট দেয়া হয়। অথচ যে ভাষা তারা ব্যবহার করে তা কোন আইনে বিশুদ্ধ, সর্বজন স্বীকৃত, স্বর্গে যাবার টিকিট? অসভ্য, ইতরের দল এখানে সবসময় ওৎ পেতে থাকে বাজে মন্তব্যের জন্য। এদের মন্তব্য/কটাক্ষ কতোটা ক্ষতের সৃষ্টি করে তা শুধু ভুক্তভোগীরাই বুঝে, জানে‌। কেউ দাঁতে দাঁত চেপে সহ্য করে আর কেউ প্রতিবাদ করতে গেলেই উল্টো আরো বেশি উগ্রতার বহিঃপ্রকাশ ঘটায়।

 

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে সাইবার বুলিং। নারীরা ও শিশুরা এর প্রধান শিকার। মানুষের মন ভালো করার কাজ যদি অনেক শ্রমসাপেক্ষ ও কষ্টকর মনে হয়, তাহলে সহজ কাজটিই করুন—দয়া করে কারও মন খারাপ করে দিবেন না। Please Stop Body Shaming and Cyber Bullying.

কঠোর থেকে কঠোরতর শাস্তি, সোস্যাল মিডিয়ার দিকে প্রশাসনের কড়া তদারকি ই পারে এসব অসভ্য, জানোয়ারদের সঠিক পথে আনতে। দশম শ্রেণীর ছাত্র সামিন শেষপর্যন্ত ওপাড়েই চলে গেল এ দায়ভার কার- আমার? আপনার?

 

ছবি-গুগল

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82/#comments
