# সাঁঝ-মায়ার বেগুনি উচ্ছ্বাস

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-28T02:21:49+00:00
- Updated: 2018-07-28T02:21:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%9d-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac/

---

সম্রাজ্ঞীর প্রেম-অপ্রেমে চন্দ্রাহত সেই রক্তিম রাত  
অপেক্ষার নিকুচি করে, উৎসারিত আনন্দ-মাদলের প্রগাঢ় উচ্চারণে,  
তীর্থের রথ-যাত্রায় সঙ্গী হয়েছে আনন্দ বিহ্বলতায়;  
বেগুনি ফুল এবার গোলাপি উচ্ছলতায়।

বারান্দায় দাঁড়িয়ে, দাঁড়িয়েই থেকেই  
দেখি বিশ্বজগতের অজস্র সমুদ্রের অনন্ত আকাশ,  
অমৃত ফলের গাছটির আড়ালে আড়াল হয়ে  
দাঁড়ায় অনন্তর খুঁজে খুঁজে ফেরা তারাটি,  
গ্রহ-উপগ্রহকে কেন্দ্র করে ঘুরে-ঘুরে কান্ত-অবসন্ন;  
স্পষ্টতই হাসছে এবার বিস্মিত-মুগ্ধ-বিহ্বলতায়  
গোলাপি রঙ ছুঁয়ে-ছুঁয়ে।

সম্রাজ্ঞীর বৃষ্টি-ভেজা আঁচলে এবার বেঁধেছে বাসা  
আনন্দ-ফুলের বেগুনি-উচ্ছ্বাস, এই প্রণয়-সাঁঝ-মায়ায়।

লাজের মাথা খেয়ে, আক্ষেপ-অপেক্ষার  
নথের-নাগর আমার, রয়েছে নাচদুয়ারে দাঁড়ায়ে,  
এসেছে সে হিমালয় গলিয়ে, রাতের অসংখ্য তারা পুড়িয়ে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%9d-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac/#comments
