# সহজ প্রশ্নের সহজ সমাধান

Author: তৌহিদুল ইসলাম
Published: 2020-06-17
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/

গতকাল সোনেলার ফেসবুক গ্রুপে আমাদের লেখক এবং পাঠক সমীপে মতামত জানতে চেয়ে একটি প্রশ্ন রেখেছিলাম-

**” আপনার লেখায় পাঠকের মন্তব্য কমে গিয়েছে কেন?”**

বিস্তারিত লেখার আগে গ্রুপে কেন এই পোষ্ট দিয়েছিলাম সেটির ব্যাখ্যা দেয়া উচিত বলে আমি মনে করি-

**প্রথমত,** আমরা ফেসবুকে সবাই এক্টিভ অথচ ব্লগে তেমন নই। ব্লগে অনেকের চোখে পোষ্ট এড়িয়ে যেতে পারে।

**দ্বিতীয়ত,** যেহেতু পাঠকেরা ব্লগে নিবন্ধিত না হলে মন্তব্য করতে পারেননা তাই প্রশ্নটি গ্রুপেই দিয়েছি যাতে তারাও মন্তব্য করতে পারেন। আর এতে করে যাতে লেখক পাঠক উভয়েই নিজেদের অবস্থান উপলব্ধি করতে পারেন সেটাও অন্যতম একটি কারন ছিলো।

সোনেলার ফেসবুক গ্রুপে গতকালের জানতে চাওয়া প্রশ্ন- মন্তব্য কম আসছে কেন’র উত্তরে পাঠক ও লেখকগন যেসব মন্তব্য করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কারন যা পেয়েছি হুবহু তা তুলে ধরলাম-

🔴 ব্লগে বেশি সময় দিতে পারি না বলে।

🔴 আমার লেখাগুলো আগের মতো পাঠককে আকর্ষণ করার ধারাবাহিকতা অক্ষুণ্ণ না থাকার দরুন।

🔴 আমার লেখার মান মনে হয় ভালো হচ্ছে না।

🔴 মনে হয় পাঠক লেখার উপর না, ব্যক্তির উপর নির্ভর করে বাড়ে।

🔴 give and take!!!

🔴 আমি যতটুকু জানি কারো বদ অভ্যাস যদি থাকে তবে সেটাকে পরিবর্তন করে অপরকে উপদেশ দিতে হয়। তাই আমি কারো লেখা বা কবিতায় কমেন্টস করি না। তবে কি করে আশা করবো আমার লেখায় কেউ মন্তব্য করবে।

🔴 কবিরা ছাড়া প্রায়ই অনেকে রুটিন মাফিক সমসাময়িক লেখা লিখছেন। তাতে ঘুরে ফিরে একই কথা। যেমন ঝিল ঘুরে ফুরে মতিঝিল।

🔴 মতামত পড়তে আসলাম।

🔴 আমি নিজেই কারো পোষ্টে মন্তব্য করিনা তেমন। আমারে তারা কেনো করবে। যত বেশি নিজে সময় দেবো অন্যের লেখায় ততো বেশি সময় আসা করবো অন্যের থেকে।

🔴 লেখার সাথে নিজের একখান এডিট করা ছবি টানাইয়া দিলে কমেন্ট ভালো আসে, কারন পাঠকের চেয়ে দর্শক বেশি।

🔴 সময়টা বেশ জটিল চলছে, তাছাড়া আমার এলাকা রেড জোনে আছে বলে ব্যবসায়িক সমস্যাটাও বেশ প্রকট। তাই ব্লগে আসার জন্য মনের সায় পাচ্ছি কম বলে আসা হচ্ছেনা।

🔴 অন্যের লেখা পড়ে মতামত দেওয়া ও নিজের পোষ্টের মনতরিপ্লাই করাটা দায়িত্ব। কিছুদিন ধরে অন্যদের লেখা পড়ছি না তাতে সবাই কিছুটা বিমুখ হয়ে পড়েছে।

🔴 লেখার মান মনে হয় ভালো হচ্ছে না। আর সময় মতো ব্লগেও আশা হয়না।

🔴 সবাই স্বার্থপর লেখক এবং পাঠক। অনেক লেখক অন্য লেখা পড়েন না।অনেক পাঠক অপরিচিতের লেখা না।।

🔴বেশিরভাগ পাঠক সস্তা বিনোদন চান অর্থাৎ ছোট লেখায় পেট ভরা হাসি।

🔴 জীবন মূখী লেখা মানেই সেটা কেউ পড়বেন না। ব্লগে লেখা বড়ো হলেই পড়বেন না।

🔴 ছেলেদের ভালো লেখাও মেয়েদের যে কোন লেখার তুলনায় পাঠক পাঠ প্রতিযোগিতায় পিছিয়ে।

🔴 বর্তমান পরিস্থিতি শিল্প চর্চার বিপরীতমুখী।

🔴 অনেকে লেখায় মুখস্থ কমেন্ট করেন এ যেন কমেন্ট এর প্রতিযোগিতা চলছে যা লেখকের খুবই বিরক্ত লাগে। এর চেয়ে মন্তব্য না করাও ভালো।

🔴 ভার্চূয়াল জগতে মন্তব্য বিষয়টি হলো লেনদেনের মতো। আপনি আমাকে আমি আপনাকে।

**আশাকরি সব মন্তব্যগুলি সবাই পড়েছেন? নিজের ভাবনার সাথে এর একটিরও মিল খুঁজে পাচ্ছেন কি? কেননা এই মন্তব্যগুলির মাঝেই রয়েছে আপনাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। এবার নিজেরাই অনুধাবন করুন আপনার লেখায় মন্তব্য কমে গিয়েছে কেন!**

চলুন এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজতে আপনাদের একটু সাহায্য করি।

🔵 আপনি যদি সত্যিই সোনেলাকে ভালোবাসেন তাহলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে নিজের সদিচ্ছাকে জাগ্রত করা। আপনার লেখাকে আপনি যেরকম সম্মান করেন, ভালোবাসেন সোনেলাকেও সেরকম ভাবুন। কেননা এটি আপনার বিচরণ ক্ষেত্র। **নিজের লেখার ডায়েরিকে ছিঁড়ে কুটোকুটি করবেননা।**

🔵 আপনি ব্লগে ন্যুন্যতম সময়টিও দেননা। এতে আপনার আমার সম্পর্কে অন্য লেখকের নেতিবাচক ধারনা হচ্ছে। প্রতিদিন বিশ মিনিট হলেও সময় দিন। **হুট করে একদিন এসে লেখায় সবার মন্তব্য আশা করে আবার নিঁখোজ হয়ে যান অনেকেই।** তাহলে মন্তব্য আশা করবেন কি করে?

🔵 ব্লগে অনেকের মাঝে **পারস্পারিক মেলবন্ধনের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে**। আমি আপনার লেখায় সময় দিলে আপনিও আমার লেখায়ও সময় সময় দিতে কিঞ্চিত বাধ্য। যা নিজেরাই পাশ কাটিয়ে যাচ্ছি আমরা।

🔵 ফেসবুকে সবাই একটিভ। গ্রুপে সবার লেখা শেয়ার করা হয়। না পড়ে ইচ্ছেকৃত এড়িয়ে গিয়ে নিজের লেখকসত্ত্বাকে ছোট করবেননা। ক্ষতি আদতে আপনারই। **তাই উদাসীনতা পরিহার করুন।**

🔵 লেখার বিষয়বস্তুতে পরিবর্তন আনুন। সবাই গদবাধা একই বিষয় নিয়ে লিখছেন। **পাঠক ভীন্নধর্মী লেখা পছন্দ করে।**

🔵 অন্যের মন্তব্য থেকে অনুপ্রেরণা নিন, শুধু লেখা দেখেই চিড়ে ভিজেনা। নিজের মুল্যবান মন্তব্যের দ্বারা **আপনার জ্ঞানবোধকে সাক্ষী হিসেবে অন্যের লেখায় তার প্রমাণ রাখুন।**

🔵 লেখার ফিচার ছবিতে ভিন্নতা আনুন। **ছবির সঠিক মাপ বজায় রাখুন, এতে দৃষ্টিনন্দন লাগবে লেখাটি।** আপনার নিজের ছবি বারবার ব্যবহার করলে তা দৃষ্টিকটু লাগবে অবশ্যই। ফলে পাঠক লেখাবিমুখ হবেন নিশ্চিত।

🔵 আপনি ব্যক্তি একমতন কিন্তু লেখায় প্রকাশ পাচ্ছে আপনার অন্যরুপ। এটি কেউ বুঝলে আপনার লেখায় মন্তব্য আসবে না অনেকের। **নিজের লেখায় আপনাকে আমিকে সততার সাথে প্রকাশ করুন।**

🔵 ব্লগে বিশ্লেষণধর্মী বড় লেখা আসবে এটাই স্বাভাবিক। তাই বলে এড়িয়ে যাবেননা। **যিনি লিখলেন তার লেখাকে এবং তাকে সম্মানিত করুন।** সম্মান দিলে তবেইতো সম্মান পাওয়া যায়।

🔵 সোনেলা সাম্যতায় বিশ্বাসী, **নারীব্লগার বেশি মন্তব্য পান আর পুরুষ ব্লগার কম এসব বলে একে অপরকে হেয় করবেননা।** এই মানসিকতার পরিবর্তন লেখক এবং পাঠক উভয়ের জন্যই মঙ্গলজনক।

🔵 আপনার লেখার মান খারাপ এটি মনে করবেননা। এ কথাটি মোটেও ঠিক নয়। **যিনি ভালো লেখেন তিনি একদিনে ভালো লেখক হননি।** অন্যদের লেখা পড়ে নিজের চর্চা অব্যাহত রেখে তবেই হয়েছেন। এটাই সবার করা উচিত।

🔵 কখনওই মনে করবেননা মন্তব্য ব্যক্তিকেন্দ্রিক হয়। হয়তো একজনের সাথে অন্যজনের ভালো সম্পর্ক আছে বলেই তারা নিজের নিজেদের লেখায় উভয়েই মন্তব্য, প্রতিমন্তব্য করেন। **পারস্পারিক এই বোঝাপড়ার সম্পর্ক কিন্তু ব্যক্তিগত নয়। এটি তারা তৈরী করে নিয়েছেন ব্লগে মন্তব্যের মাধ্যমেই।** আপনিও তাই করুন।

🔵 মন্তব্য দেয়া মন্তব্য পাওয়া! কথাটি ঠিক নয়। যদি তাই হতো তাহলে আমার লেখায় আপনারা সবাই মন্তব্য করতেন। কারন **আপনাদের প্রত্যেকের লেখায় আমি কমবেশি মন্তব্য করি। কই আপনিতো আমার লেখায় তা করেননা? অনেকের লেখাতেই করেন না। তাহলে দেয়া আর পাওয়ার হিসেব মিললো কি?** এই অবান্তর কথাটি বলে নিজেই নিজেকে ছোট করলেন কিন্তু!

এতক্ষণে আপনাদের উওর পেয়ে গিয়েছেন নিশ্চই। **ইদানিং অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, ব্লগে আমাদের সম্মানিত লেখকদের লেখার মন্তব্যের ঘরে একধরনের শুন্যতা বিরাজ করছে।** অনেকেই আমাদের কাছে ইনবক্স করেছেন, অনেকে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে ব্লগ বিমুখীতা বিরাজ করছে ব্লগারদের মাঝে। যা কেবল একজন লেখককে সাহিত্যচর্চা থেকে দূরেই নিয়ে যাবেনা সেই সাথে নিজের মাঝে বীতশ্রদ্ধাও দেখা দেবে। সোনেলা এটি কিছুতেই সমর্থন করেনা।

**বাংলা সাহিত্যের চর্চা অব্যাহত রাখার যে প্রয়াস নিয়ে সোনেলা তার নিজের মানদন্ডে অটল, সেখানে সামান্য হতাশা থেকে একজন লেখক লেখাবিমুখ হয়ে পড়বেন তা সোনেলা কিছুতেই হতে দিতে পারেনা।** হয়তো বর্তমান পারিপার্শ্বিকতার ফলে ব্লগে ব্লগারদের বিচরণ কমে এসেছে তবে তা অচিরেই ঠিক হয়ে যাবে আশাকরি।

**এবং সবশেষে বলছি, এই যে আপনি পুরো লেখা না পড়ে স্ক্রল করে করে সবার শেষের অংশটুকু পড়লেন এবং অন্যান্যদের মন্তব্য দেখে গদবাঁধা একটি মন্তব্য করার প্রয়াস নিলেন এটিও কিন্তু আপনার লেখকচিত্তের মৃত্যুকে ত্বরান্বিত করলো, আপনার লেখায় পাঠকদের মন্তব্য আসতে দেয়াল হয়ে দাঁড়ালো এবং এর জন্য সোনেলা বা সোনেলার কোন ব্লগার নন। হ্যা, আপনি কেবলমাত্র আপনিই দায়ী। তাই, নিজের মানবিক গুণাবলীকে জাগ্রত করুন।**

সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। শুভ ব্লগিং।
