# সময়ের ঝরা পাতারা

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-07-05
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

সময়ের তীর ধরে একাকীর বিষণ্ণ চিত্তে হেঁটে যাই  
হেঁটে যাই অপরাপর শব্দ-শূন্যতার দিকে  
শেষের অজানা সীমান্তে।

সময়-জলে চোখ রাখি, চোখ ডুবাই,  
জল ছুঁয়ে থাকি, জল ছুঁয়ে যাই;  
টুপ করে সময়-গাছ থেকে ঝরা পাতার মত  
টুকরো-সময় পির পির করে সময়ের নদী-জলে  
ভেসে যায়, যতদূর চোখ রাখা যায়, তাকিয়ে দেখি  
ভেসে যাওয়া পাতারা আর ফিরে আসে না।

আমি ফিরে ফিরে আসি এই সময়-নদীটির তীরে,  
অপলক চোখে এই মাদল বর্ষায় রতি-বিমুখ  
তড়পানো হৃদয়ে ভিজে যাই, ভিজে যাই,  
নহবতের ধ্বনিতে।
