# সম্পর্ক এবং স্বাধীনতা

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2019-07-30
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/

স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়! অত্যন্ত সত্যি কথা। স্বাধীনতা ছাড়া বাঁচা দায়। স্বাধীনতা শব্দটার মানে মুক্ত হওয়া বা মুক্ত থাকা। কিন্তু স্বাধীনতা কথাটির ব্যাপকতা বিশাল। ক্ষেত্র বিশেষে এর রূপ বদলায় বারংবার। দেশ প্রেমিকের কাছে স্বাধীনতার মানে একরকম, আর প্রেমিকের মনে এর অর্থ ভিন্ন রকম প্রকাশ পায়।

স্বাধীনতার মানে সম্পর্কের বেলায় আরেক রকম। সম্পর্কে স্বাধীনতা কম, সীমাবদ্ধতা বেশি থাকে। সীমাবদ্ধ, কথাটি যেকোনো সময় যেকোনো ব্যাক্তি, বস্তু, ক্রিয়াকে মূহুর্তে থমকে দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনো সময়ে শুনতে হয়, এবার থামো। আর নয়। কখনো অন্য কেউ বলে দেয় কখনো নিজেকে নিজের বলতে হয়। কিন্তু কেন?  এর আসলে কোনো সঠিক ব্যাখ্যা নেই। যে যার মতো ভেবে নেয়। জন্ম থেকে মৃত্যু বা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি সময়ে নির্দিষ্ট কাজে-কর্মে আমাদের সীমাবদ্ধ হতে হয়। বৃত্তবন্দী জীবনে বৃত্তের বাইরে যতই অবিরাম ছুটে চলি, দিনশেষে আমাদের বৃত্তের মাঝেই ফিরতে হয়। এখানে স্বাধীনতার চেয়ে সম্পর্ক বেশি প্রাধান্য পায়।

সম্পর্ক গুলোর অনেক নাম হয়। অনেক রূপ হয়। কিছু সম্পর্ক রক্তের। কিছু সম্পর্ক আত্মার। কিছু সম্পর্ক হয় বেনামি। নানা রঙের সম্পর্ক গুলোতে জড়িয়ে থাকাকে আমরা পরাধীনতা কখনোই ভাবতে পারিনা। অথচ, সম্পর্কের কারণে প্রতিনিয়ত কতকিছু করতে হয়, করে যেতে হয় ইচ্ছায়/অনিচ্ছায়। সব সম্পর্ক থেকে মুক্ত হয়ে প্রকৃত স্বাধীনতা লাভ করতে কেউ কি কখনো চেয়েছে?  চায়?

সম্পর্কে আবদ্ধতা অনেক সময় ব্যক্তি স্বাধীনতা হরণ করে। তবুও মানুষ সম্পর্ক খুঁজে বেড়ায় হন্যে হয়ে। বাস্তব চেনা জগৎ ছাড়িয়ে সম্পর্কের বলয় বিস্তৃত করে ভার্চুয়াল জগতেও। ভার্চুয়াল জগতে ভার্চুয়াল এক্টিভিটি দেখে রিয়েল মানুষ খোঁজার মতো দুঃসাধ্য কাজ করতেও পিছপা হয়না। সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার এত যে আপ্রাণ চেষ্টা, এর থেকে কি আসলেই মুক্তি আছে?  কিছু সম্পর্ক হয় ছায়ার মতো। সর্বক্ষণ সাথে থাকবে, ধরা যাবেনা। ছোঁয়া যাবেনা। আত্মার সাথে দেহের, দেহের সাথে ছায়ার যে সম্পর্ক, তার থেকে মুক্তি নেয়া যায় কেমন করে? এখানে স্বাধীনতার মূল ব্যাখ্যা অচল।

কেউ কি কখনো নিজের ছায়াকে অতিক্রম করতে পারে? ছায়ার মধ্যে পদচিহ্ন রাখা যায়?
