# সমালোচনা সহ্য করতে শিখুন

- Author: [সেডরিক](https://sonelablog.com/author/cedric/)
- Published: 2019-05-06T15:01:02+00:00
- Updated: 2019-05-06T15:01:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8/

---

আমি কোন নারী ব্লগারের সমালোচনা করি নি। আমি একটি লেখাকে সমালোচনা করেছি।  
আমি কোন লেখককে কোনপ্রকার ব্যাক্তিআক্রমন করিনি, অপ্রাসাঙ্গিক কোন বিষয়ে কথা তুলিনি। আমি শুধুমাত্র লেখাটি নিয়েই সমালোচনা করেছি।

অল্প কদিনে কিন্তু অল্প কিছু কমেন্ট যা করেছি, সেখানে আমার নিজের কাছে সত্যিই যা মনে হয়েছে সেটাই লিখেছি। কোন লেখা বুঝতে না পারলে আমি কমেন্ট করেছি আপনার লেখা বুঝি নাই। কারো লেখায় বানান ভুল হলে বলেছি বানান ভুল হওয়ায় লেখার সৌন্দর্য নষ্ট হয়েছে। কোন লেখার ধরন পছন্দ না হলে, সেটাও আমি সরাসরি জানিয়ে কমেন্ট করেছি। আমার নিজের কাছে যদি মনে হয়েছে যে কোন লেখায় আরো ভিজ্যুয়ালাইজেশন দরকার, আমি বলেছি আরো ছবি যোগ করেন।

আমার প্রথম পোষ্টেই আমি এই ব্লগের ডিজাইন-ডেভেলপমেন্ট ও বিভিন্ন ত্রুটি নিয়েই সমালোচনা করেই যাত্রা শুরু করেছিলাম। খেয়াল করুন, আমি শুধু বেছে বেছে নারীদের সমালোচনা করি নি, কিংবা বেছে বেছে শুধু নতুনদেরও সমালোচনা করি নি। এই ব্লগের সবচেয়ে সিনিয়র ব্লগারদের লেখাতেও আমি সমালোচনা করে কমেন্ট করেছি। তেমন একদম নতুন ব্লগারও হয়তো আমার সমালোচনার মাঝে পরেছেন। আমি কারো মন জুগিয়ে কমেন্ট করতে পারবো না, এবং আমি এ জন্য মোটেও স্যরি না। আমার কাছে আপনার লেখা ভালো না লাগলে আপনি আমার সমালোচনায় পরবেন। অবশ্যই পরবেন। আপনি নতুন হোন, নারী হোন বা বাচ্চা হোন, আই ডোন্ট কেয়ার।

আমার সমালোচনা নিয়ে কথা বলুন, আমি ভুল সমালোচনা করলে সেটা শুধরে দিন। আমার লেখা ভালো না লাগলে সেটারও সমালোচনা করুন। যদি আমি ব্লগের নিয়ম ভঙ্গ করি, আমার লেখার বিরুদ্ধে পদক্ষেপ নিন।

আমাকে অনেকেই বলছেন আমি পুরুষ বাদী, কিংবা পুরুষ শাসনতন্ত্রের বিশ্বাসী। আমি কোন লেখাতে *পুরুষরাই সেরা, নারীগন অধীনস্ত* এমন টাইপের কিছু তো লিখি নি। আমি দুই-তিনটি ছাইপাশ লেখা লিখেছি। ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন লেখাগুলো কোন ঘরানার। এই লেখা পড়ে যদি আপনার মনে হয় আমি পুরুষবাদী কিংবা নারী বিদ্বেষী, তাহলে আমার আর কিছু বলার নাই।

অনেকেই বলছেন একজন নতুন ব্লগারের লেখার সমালোচনা করা উচিত হয় নি। ভাই-আপু, আমি নিজেই তো সিনিয়র ব্লগার নই। আমি নিজেও এই ব্লগে নতুন।

অনেকেই বলছেন একজন নারী ব্লগারের লেখায় এভাবে সমালোচনা করা উচিত হয় নি, আচ্ছা আপনি কিভাবে শিউর হচ্ছেন যে আমি একজন পুরুষ ব্লগার? আমার জেন্ডার তো আমি কাউকে বলিনি। আমি পুরুষ ব্লগার নই, নারী ব্লগারও নই, এলিয়েন ব্লগারও নই। আমি শুধুই নগন্য ব্লগার সেডরিক।

আপনি বলতে পারেন আমি এতো এ্যারোগেন্ট কেন? আমি সবার সমালোচনা করি কেন? আমি নিজে কি মহাজ্ঞানী কি না? স্বাভাবিক, এইসমস্ত প্রশ্ন মনে আসতেই পারে।  
– আমি মহাজ্ঞানী নই। আমি মনে করি কারো সমালোচনা করতে হলে তার সমান যোগ্য হওয়া বাধ্যতামূলক নয়।  
– আমি এ্যারোগেন্ট নই।  
– কোন লেখা পছন্দ না হলে আমি সমালোচনা করি, কারন এই কাজটা করতেই ব্লগিং শুরু করেছি। আমি কিছুদিন আগেও ফেসবুকে লিখতাম। বেশ কয়েকটি রাইটিং গ্রুপে নিয়মিতই লিখতাম। কিন্তু কষ্ট করে যাই লিখি, লেখার মূল্যায়ন হতো না। লম্বা লেখা ফেসবুকে পড়তে কেউ পছন্দ করে না। অনেকে না পড়েই লাইক/রিয়্যাক্ট করতো, অনেকে অপ্রাসাংগিক মন্তব্য জুড়ে দিতো। অনেকে তো আমার লেখার চেয়ে আমার চুল, আমার পোষাক এগুলো নিয়েই বেশি কমেন্ট করতো। কেউ কেউ Nice লিখে কমেন্ট করতো বা ইমো/ষ্টিকার দিয়ে কমেন্ট করতো। আমার এগুলো পছন্দ না।

পরবর্তীতে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করি, কিন্তু সেখানে নিয়মনীতির বেড়াজালে আমার লেখা খুব বেশি মানুষের কাছে পৌছাতো না। আর এখন তো সেটি এদেশ থেকে ভিজিট করাই যাচ্ছে না।  
আপনাদের ব্লগের একজন ব্লগার, যাকে ফেসবুক গ্রুপ থেকেই পরিচয়, তার মাধ্যমে এই ব্লগের সন্ধান পাওয়া।

আমি নিজের কর্মকান্ডে মোটেই লজ্জিত বা অনুতপ্ত নই। কারন আমি মনে করি না আমি লজ্জিত বা অনুতপ্ত হবার মত কিছু করেছি। তবুও লেখাটি লিখলাম কারন আমি কখনো ভাবিইনি আমার ঐ লেখাটি নিয়ে এতো কাহিনী হবে। ব্লগের এ্যাডমিন-মডারেটর গন আমার নির্দোষ সমালোচনামূলক লেখার বিরুদ্ধে চলে যাবেন, নিন্দা জানাবেন। ব্যাপারটা ভালো লাগেনি মোটেও। আমার আন্তরিকতা তো কম নেই। ঘন্টার পর ঘন্টা ব্লগে ঘুরছি, লেখা পড়ছি, ভুল-ত্রুটি বা লেখায় দূর্বলতা চোখে পড়লে সমালোচনা করে মন্তব্যও করছি। আন্তরিক না হলে তো “*নাইস পোষ্ট* ” লিখে বা ইমোজি দিয়েই কমেন্ট দিয়ে দিতাম।

নতুন ব্লগারদের আমি একটি কথাই বলবো, সমালোচনা সহ্য করতে শিখুন। সমালোচক আপনার শত্রু নয়। সমালোচনা আপনাকে নিয়ে না, আপনার লেখা নিয়ে করা হয়। আর যদি মনে হয় সমালোচক ভুল বলছেন, তবে নিজের লেখাকে নিজেই ডিফেন্ড করুন।  একজন লেখক এর থেকে এটাই কাম্য।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8/#comments
