# সমালোচনাঃ বিয়ে তথা সংসার

- Author: [সেডরিক](https://sonelablog.com/author/cedric/)
- Published: 2019-05-04T15:26:58+00:00
- Updated: 2019-05-04T15:26:58+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/

---

ব্লগার [রোবায়দা নাসরিনের](https://sonelablog.com/author/nasrin04/) একটা লেখা ([বিয়ে তথা সংসার](https://sonelablog.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0/)) পড়লাম। সেখানে তিনি বিয়ে এবং বিয়ের পর স্বামীদের আচরন নিয়ে লিখেছেন। লেখাটা আমার একপেশে মনে হয়েছে। পুরো লেখাটায় যেনো শুধু পুরুষ জাত টিকেই দোষারোপ করা হয়েছে। আমি সেখানে কমেন্ট করতে চেয়েছিলাম, পরে মনে হলো আমার মতামত কমেন্ট হিসেবে লিখলে অনেক বড় হয়ে যাবে। তাই আলাদা করে লিখছি।

লেখাটিতে তিনি লিখেছেন

> *কর্মমূখর জীবনে স্বামী ব্যস্ত থাকে, জীবনে নতুনত্ব, বৈচিত্র থাকে। একঘেয়েমি লাগে না। স্যালারি পাবার আনন্দ থাকে।*

অথচ তিনি তিনি হয়তো জানেন না একজন পুরুষ কত ধরনের টেনশন নিয়ে বেচে থাকে। বিয়ের পর নিজের সংসার যেমন চালাতে হয়, বাবা-মা যদি আলাদা থাকেন তাদেরও দেখভাল করতে হয়। ছোট ভাই বোন থাকলে তাদের দায়িত্বও নিতে হয়। আমাদের সমাজের প্রেক্ষিতে কোন মেয়েকে তার বাবা-মা বা ছোট ভাই বোন এর দায়িত্ব নিতে হয় না। (ব্যাতিক্রমও আছে)

কর্মমূখর জীবনে বৈচিত্রের চেয়ে পরিশ্রম, হতাশা, ক্লান্তি আর চাপ বেশি থাকে। সময় মত স্যালারি না পেলে জীবন চালানো কষ্ট হয়ে যায়। ধার-দেনা করে চলতে হয়।

লেখাটিতে লেখক আরো লিখেছেন,

> *স্বাধীন হেসে খেলে বেড়ানো মেয়েটা হঠাৎ বাড়ীর বৌ হয়ে যায় । তার বন্ধু গুলো হারিয়ে যায় !!! গল্পের বইগুলোতে ধুলা জমে !! কবিতার খাতার পাতায় রান্নার রেসিপি দেখা যায় ।*

আমাদের সমাজে বিয়ের পর কি ছেলেরা পরিবর্তন হয় না? বিয়ের পর সে রাত করে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে? বন্ধুদের সাথে ঘোরাফেরা, কোথাও ঘুরতে যাওয়া, সিনেমা দেখা এসব কয়টি ছেলে করতে পারে? আমাদের দেশে বিয়ের পর যে কোন ছেলেরই বন্ধুসংখ্যা কমতে থাকে। বিয়ের পরে ছেলেটির জীবনে পরিবর্তন আসে। আগের মত বন্ধুদের সময় দিতে পারে না, বাধঁন ছাড়া স্বাধীনতাও থাকে না। নতুন সংসার, স্ত্রী-সন্তানের দায়িত্ব নিতে হয়।

লেখাটিতে তিনি আরো লিখেছেন,

> *অনেক মেয়েকে দেখেছি স্বামীক্ ভয় পায় । স্বামীর অনুমতি ছাড়া বাচ্চাকে একটা চকলেটও কিনে দিতে পারে না । কমপ্লেক্সে ভোগে তারা । রান্না থেকে শুরু করে সব কাজে স্বামীর মনের মতো করে চলার চেষ্টা থাকে । *

আমি তো ভিন্নচিত্রও দেখেছি। অনেক স্বামীই তার বেতনের টাকা স্ত্রীর হাতে তুলে দেন। অথবা সংসার খরচ দিয়ে দেন। বাজার বা রান্না সেটা সংসারের গৃহিনীই ঠিক করেন। সন্তানের চুলের স্টাইল কেমন হবে, কোন খেলনা দিয়ে সে খেলবে এগুলোও মায়েরা ঠিক করেন, বাবাদের খুব কম কথাই টিকে। আমি এমনও মানুষকে দেখেছি, স্ত্রীকে রেখে বাইরে খাবার খান না, কোন রেষ্টুরেন্টে অফিস পার্টি হলে স্ত্রীর জন্য খাবার প্যাক করে নিয়ে যান।

বিয়ের পর আপনি স্বামীর ভেতর পুরনো প্রেমিক কে খুজবেন, অথচ নিজে তার জীবনে প্রেমিকার মতো থাকবেন না এটা তো হয় না। আমাদের দেশে অধিকাংশ নারী বিয়ের পর শরীরের যত্ন নেন না।মুটিয়ে যান। অনেকেই বাড়িতে সাজগোজ ছাড়া একদম সাধারন ভাবে থাকেন। সুন্দর করে চুল বেধে, শাড়ী পরে, হালকা পারফিউম মেখে, কপালে টিপ দিয়ে স্বামীর জন্য দরজা খুলে দেন না। হয়তো আপনি এ ক্ষেত্রে বলবেন সারাদিন সংসারের হাজারো কাজের ফাকে সময় কই?

অথচ আপনিই কিন্তু আশা করছেন সারাদিন বাইরে প্রচন্ড পরিশ্রম করে বাড়ি ফেরার সময় ক্লান্ত স্বামী আপনার জন্য ফুল নিয়ে আসবেন, আপনার কপালে টিপ পরিয়ে দিবেন।

আপনার লেখাটি একদম একপেশে। বিয়ে মানেই জীবনে পরিবর্তন। স্ত্রীকে যেমন নতুন দায়িত্ব নিতে হয়, নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়, স্বামীকেও এসবের ভেতর দিয়ে যেতে হয়। অনেক বেশি দায়িত্বও নিতে হয়।

সংসারে **বস **শুধু স্বামীই হতে চায় না। এমনও পরিবার দেখেছি, সেখানে নারীই বসগিরি করে বেড়ায়। অনেক পুরুষই হয়তো ডমিনেটেড মনোভাবের, স্ত্রীকে নিজের সম্পত্তি মনে করেন। তবে সবাইকে এক কাতারে ফেললেন কেনো?

আমার আপন খালাতো বোন তার স্বামীকে নিজের সম্পত্তি মনে করে, নাকে দড়ি দিয়ে ঘোরায়। দুলামিয়ার নিজের মোবাইলে ফোন আসলে আগে বোন রিসিভ করে, পরে দুলামিয়াকে কথা বলতে দেয়। অচেনা দূরে থাক, চেনা নারীদের সাথেও দুলাভাই কথা বললে বাড়িতে আগুন ধরে যায়। এখন আমি নিশ্চয়ই তাকে দেখে পুরো নারী জাতিকে এককাতারে ফেলবো না।

সংসার মানেই কম্প্রোমাইজ। স্বামী-স্ত্রী দুজনকেই যেমন দায়িত্ব নিতে হয়, ক্ষেত্র বিশেষে দুজনকেই ছাড় দিতে হয়। সুন্দর দাম্পত্য জীবনের জন্য সব দায় স্বামীর একার না, স্ত্রীরও দায় আছে। প্রবাদেই তো আছে, “সংসার সুখের হয় রমনীর গুনে”

লেখাটি যদি আপনার নিজের সংসার নিয়ে লেখা হয়, তবে আমার কিছু বলার নেই। তবে যদি আপামর বাংলার সংসার জীবন নিয়ে লিখে থাকেন, তবে আমি বলবো আপনি একপেশে লেখা লিখেছেন।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/#comments
