# সমাজের ঘুণপোকা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-07-01T18:04:29+00:00
- Updated: 2020-07-02T01:27:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%a3%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/

---

 

শয়তানের উপস্থিতি অহর্নিশি,  
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে।  
মুক্তি মেলে‌না সহজে,  
মৃত্যুক্ষুধা চারপাশে ভেসে বেড়ায় শিমুল তুলার পেখমে।  
ক্ষুধার্ত শিয়াল খুঁজছে অন্ন-  
খুন হওয়া মানবতার নারীভুড়িতে।  
কোথায় মানবতা, কোথায় কথার চর্বিত-চর্বণ!  
অপব্যয়িত সমাজ বেশ্যালয়ে  মুখ থুবড়ে পড়ে;  
অন্ধকার গলিতে মাথা ঠুকে-  
আর্তনাদের নিরাকার অবয়বগুলো।

সমাজপতিরা চুষে/খুঁচিয়ে চৌর্য করে সহোদরদের হককে,  
পরিচয়হীনতায় নর্দমার কীট বনে দেবশিশু;  
নানান মোড়কে, সুগন্ধে সজ্জিত বিশ্বাস বেসাতি করছে-  
মনের দ্বারে দ্বারে কড়া নেড়ে।  
ললাটের অদৃশ্য মানচিত্র-  
ছিন্নভিন্ন হয় ব্যর্থতার জৌলুসে।  
বেনোজলে ভেসে যায় যৌবনের উন্মাদনা;  
রাষ্ট্রের গ্রীবায় ঝুলছে অনাহারীদের ফাঁসির রজ্জু।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%a3%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/#comments
