# সময় ও প্রকৃতির প্রতিশোধ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-01T15:43:16+00:00
- Updated: 2020-04-01T15:43:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7/

---

হায়রে মানুষ, রঙীন মানুষ, রঙীন ফানুস!  
সব বদ্ধঘরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।  
এ-বেলা, ও-বেলা ছুটোছুটি, লুটোপুটি সব আজ  
জানালার কার্নিশে ঝুলে আছে।  
নিস্তব্ধতার কাফনে জড়িয়ে পড়েছে মৃত্যুপুরী।  
নেইকো চায়ের কাপে ঝড় তোলা,  
নেইকো কপোত-কপোতীর ম্যাচিং ম্যাচিং সাজের বাহার-ওড়াওড়ি ,  
নেইকো অসহ্য যন্ত্রণার হাইড্রোলিক হর্ণের দাপাদাপি;  
নেইকো ন’টা পাঁচটা কর্পোরেট ছোটাছুটি,  
নেইকো কোমলমতি শিক্ষার্থীদের হুরোহুরি স্কুলের এসেম্বলিতে‌।

চারদিকে শুনশান নীরবতার বলয়ে আটকে আছে  
অস্থির, দূষিত শহরটা।  
নিরাভরণ শহর- চৈত্রের খরতাপ  
বিশুদ্ধ সমীরণে খেলিছে মনের আনন্দে।  
বাতাসে নেই আজ সীসার আধিক্য ,  
মরণ কামড় বসাতে না পেরে –  
কার্বন ডাইঅক্সাইড ধুঁকছে ক্ষুধায়।  
অপরত্রে অক্সিজেন বিশুদ্ধতায় ফুলে ফেঁপে  
আস্ত ধরনী গ্রাস করছে অবলীলায়।

মানবসৃষ্ট কম্পন গুলো থমকে গেছে বিষাক্ত ভাইরাসে।  
প্রকৃতির কম্পন উচ্চস্বরে হেসে উঠেছে, জেগে উঠেছে ;  
এতো দিনের দাবানো অধিকার আদায়ে সোচ্চার হয়েছে।  
শত শত বর্ষ ধরে বন্দিনী‌-মুক্ত হয়েছে  
জুলুম, অত্যাচার, পরাধীনতা থেকে।  
বিহঙ্গ-বিহঙ্গীরা সুরলহরীতে মেতেছে মনসুরের ছন্দ তালে।  
প্রকৃতির আশ্রয়কে- নিজ আলয় ভেবে দাম্ভিকতায় গলাধঃকরণে;  
আজ তারাই পড়েছে মরণব্যাধির নিগড়ে।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7/#comments
