# সন্ধ্যা-বসন্তের জলসিঁড়ি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-17T16:32:54+00:00
- Updated: 2017-04-17T16:32:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf/

---

রাত মধ্য-হলেই ধানসিঁড়ি নদীটি ডাকে, খুব করেই ডাকে, যাই, যাই-ও না,  
রাত্তিরে যাই-ই-না, ডর লাগে, খু-উ-ব,

সকাল-দুপুর-বিকেলে-সন্ধ্যায় যাই, সন্ধ্যা-বসন্তেও, একাকী করে নিজেকে, চুপে,  
খুব চুপে, না-শব্দে, কাঁদা মাখামাখি করি, পা-ভেজাই, ভিজি-ও।  
ঠেস দেই, মোটাসোটা গাছ দেখে, বসি অজস্র পা-ছড়িয়ে, ঝুম-আনন্দে;  
কথা হয়-না, তাকাতাকি হয়, হাসে, হাসি-না, ঝামেলা বাঁধার ভয়ে।

যথেষ্ট ঈর্ষা করার ভঙ্গিতে বড়-সাদা-বক এক-পা তুলে ধ্যান করে, অপলক চোখে,  
পানির দিকে তাকিয়ে। কাছ-দূরের হঠাৎ বেজে ওঠা জাহাজীভেঁপুতে ধ্যানী বক দূরে-মিলায়।  
মাছরাঙা, পানকৌড়ি, কাঠ-ঠোকরা, ঘুঘুরাও পলকহীন;

বাবুই-ছানা টুপ করে পড়ে ডুবে যায় বাতাসের ঝড়ো দোলায়,  
সোয়ানা-বাবুই-স্বপ্নের অকস্মাৎ পতনে বাবুই-কান্নায় বাতাস গড়ায়,  
দুঃখের বিষজর্জরতায়।

রাতের ধানসিঁড়ি,  
যদিও আগের মত সুগঠনে নও, সারা-সীমান্ত-জুড়ে,  
কলা-বিদ্যাতেও, তবুও দেখ, ক্ষীণ বাতাসে  
লক্ষ্মীপেঁচার কর্কশ ধ্বনির ভ্রান্তি ঠেলে  
ঠিক-ই জানান দিয়ে-না-দিয়ে-একদিন, ছিপ-ছিপে  
জ্যোৎস্নার আঁধারে, ভারী বর্ষণ-মুখরতায়  
ডুব দেব, ডুবে যাব, রাতসিঁড়িতে,  
পতনের কীর্তি গড়ে,  
তিল-তিল করে, তিলে তিলে;

কত-কত জল বয়ে যায়, বেলার অ-বেলায়,  
ধানসিঁড়ির গহীন-জল, জলসিঁড়িতে হারায়;

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf/#comments
