# সত্যের বেলুন

- Author: [পারভীন সুলতানা](https://sonelablog.com/author/parveen018/)
- Published: 2015-08-17T14:18:19+00:00
- Updated: 2015-08-17T14:18:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a8/

---

একটি ছোট্ট শিশুকে দেখলাম,  
আমার মন আঙ্গিনায়,  
লম্বা সূতার প্রান্ত ধরা মুঠোয় ;  
বহুরঙ্গা এক ত্রিকোণ গ্যাস বেলুন প্রান্ত সীমায় ।  
কতই’বা বয়স হবে তার পাচ কি’বা ছয়  
মিটি মিটি হাসে যখন তখন  
চোখে তার অপার বিস্ময় ।  
বুদ্ধ কেন ঘর ছাড়ে আলোকজ্বল পূর্ণিমায়,  
চাঁদের বুড়ি কি কোন মন্ত্র শিখিয়ে দিয়েছিল তায়;  
তবে কি পূর্ণিমা অসহ্য আলো বর্ষায় !  
শিশুটি মুচকি হাসে  
ফুলের দিকে হাত বাড়ায় ।  
খাদ্যশুন্য পাথুরে পাহাড়, সেখানেও অগুনতি প্রাণ  
পাথুরে ফুলে মাদকতা যদিও নিরেট জীবন  
তবুও পাহাড় অহনিশ জীবনকে করে আহ্বান ।  
শিশুটি আপন মনে কাঁদে  
সূর্য কেন পূবে উঠে, পশ্চিমে অস্ত যায় ,  
নারী কেন গর্ভ ধরে, পুরুষ কেন নয় ;  
নারী যখন বারাঙ্গনা, অসতী পুরুষের নেই দায় !  
শিশুটি ঘুমিয়ে পড়ে ,  
হৃদয় থেকে মাথায় ভর করে  
ভালোবাসা , ভালোবাসা গ্যাস বেলুনে ভরে  
সত্যের পান্ডুলিপি ফাটে একমাত্র ফুঁৎকারে।  
৪/০৫/১৫

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a8/#comments
